Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডিজে রুখতে পুলিসি অভিযান, পাঁচ সেট বক্স আটক, গ্রেপ্তার চার

ডিজে রুখতে পুলিসি অভিযান, পাঁচ সেট বক্স আটক, গ্রেপ্তার চার
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: কালী প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে রবিবার রাতে কাঁথি শহরে তীব্র শব্দে ডিজে বক্স বাজায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সাধারণ মানুষ। বিশেষত অসুস্থ ও বয়স্করা। ডিজের দাপট বন্ধ করতে জোরদার অভিযানে নামল কাঁথি থানার পুলিস। রবিবার রাতে এবং সোমবার মিলিয়ে পুলিস পাঁচ সেট ডিজে বক্স বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় চারজন অপারেটরকে গ্রেপ্তারও করেছে পুলিস। তারা কাঁথির বিভিন্ন এলাকার বাসিন্দা। 
Advertisement
উল্লেখ্য, কালীপুজো উপলক্ষ্যে রবিবার রাতে বিভিন্ন ক্লাবের প্রতিমা ভাসান দেওয়ার জন্য শহরে শোভাযাত্রা বের হয়। সঙ্গে তীব্র শব্দে ডিজে সাউন্ড বক্সের দাপট। এদিকে শোভাযাত্রা চলাকালীন থানার কাছেই পুলিসের নাকের ডগায় কান ফাটানো আওয়াজে তীব্র শব্দে ডিজে বাজায় সমালোচনা শুরু হয়। অস্বস্তিতে পড়ে পুলিস। শহরে যেন হৃদকম্পন শুরু হয়। অতিষ্ঠ শহরবাসীর একাংশ পুলিসকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। সোশ্যাল মিডিয়াতেও এনিয়ে সরব হন অনেকেই। এরপরই অভিযানে নামে পুলিস। শহরের রসুলপুর মোড় সহ বিভিন্ন এলাকা থেকে ডিজে সাউন্ড বক্স আটক সহ চার অপারেটরকে গ্রেপ্তার করা হয়। এদিকে শোভাযাত্রা থেকে ডিজে সাউন্ড বক্স আটক ও গ্রেপ্তারের খবর পেয়ে অন্যান্য ক্লাবের উদ্যোক্তারা ডিজে বাজানো বন্ধ করে কোনওরকমে প্রতিমা বিসর্জন করে। পুলিসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের বাসিন্দারা। তাঁদের বক্তব্য, শহরে দুর্গোৎসবের সময় মণ্ডপে শব্দের ব্যবহার ছিল মার্জিত ও নিয়ন্ত্রিত। কালীপুজোয় তার বিপরীত ছবি দেখা যায়। পুজো-পার্বণে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে লাগামহীনভাবে ডিজের দাপট চলছেই। আর এর পিছনে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের হাত রয়েছে বলে শহরবাসীর একাংশের অভিযোগ। কাঁথি থানার আইসি প্রদীপকুমার দাঁ বলেন, ডিজে সাউন্ড বক্সের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে। 
সম্পর্কিত সংবাদ