Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

দীপাবলির সাজবাহার

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তার মধ্যেই আলাদা করে চেনা যায় উৎসবের মরশুমকে। দেবীপক্ষে যার শুরু। কালীপুজো সেই মরশুমের অন্যতম উৎসব। শক্তি আরাধনার দিনটির আগে-পরেও চলে সেলিব্রেশন।

দীপাবলির সাজবাহার
  • ১১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আলোর উৎসবে কেমন সাজ মানাবে? অভিনেত্রী সৌরসেনী মৈত্র দিলেন পরামর্শ। 

Advertisement

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তার মধ্যেই আলাদা করে চেনা যায় উৎসবের মরশুমকে। দেবীপক্ষে যার শুরু। কালীপুজো সেই মরশুমের অন্যতম উৎসব। শক্তি আরাধনার দিনটির আগে-পরেও চলে সেলিব্রেশন। ধনতেরাস, দেওয়ালি— একের পর এক উৎসব। তার সঙ্গে মিলিয়ে চলে সাজবাহার। চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে অভিনেত্রী সৌরসেনী মৈত্র বেছে নিয়েছেন দেওয়ালির শাড়ি। 
কালীপুজোর সাজ মানে সৌরসেনীর পছন্দ উজ্জ্বল রং। ‘রঙ্গোলি’ ব্র্যান্ডের সবুজ জরি বর্ডার তসরের দিকে প্রথম নজর পড়ল তাঁর। শাড়ি জুড়ে সরু সোনালি চেক। কনট্রাস্টে মেরুন রঙা ব্লাউজ। তবে সৌরসেনী বেছে নিলেন পান্না সবুজ স্লিভলেস। খোলা চুলের হালকা মেকআপে সাজলেন তিনি। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর স্লিক, স্মার্ট হীরের গয়নায় পুরো লুক হল চমৎকার। ‘এই ধরনের তসরের সবথেকে বড় সুবিধে সারাদিন পরে থাকা যায়। খুব আরামদায়ক। তসর এমনিতেই খুব এলিগ্যান্ট’, বললেন অভিনেত্রী।  
সৌরসেনীর পছন্দের দ্বিতীয় শাড়িটি টিস্যু বেনারসি। টিপ, লিপস্টিক, খোঁপায় চিরন্তন বাঙালি সাজ। এই শাড়ির সঙ্গে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর সোনার গয়না বেছে নিলেন তিনি। সৌরসেনী বললেন, ‘টিস্যু বেনারসি আমার খুবই পছন্দের। আর এই জামরংটা দারুণ মানিয়েছে। গয়নাগুলোও সত্যি সুন্দর।’ ব্যক্তিত্ব অনুযায়ী স্টাইল করাটাই আসল বলে মনে করেন সৌরসেনী। শাড়ি হোক বা ড্রেস— সাজ যেন ব্যক্তিত্বকে ছাপিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দীপাবলির জন্য লাল, মেরুন, সবুজ, বেগুনি, গোলাপির মতো রং বেছে নিতে পারেন। হালকা গয়না পরলে সবদিক সামলানো সহজ হবে। সঙ্গে কাজল, লিপস্টিকের সাধারণ মেকআপ।
ছোট থেকেই বাবা, মাকে দেখেছেন ধনতেরাসের দিন কোনও না কোনও ধাতু কিনতেন তাঁরা। সেই অভ্যেস পারিবারিক ভাবেই রপ্ত করেছেন সৌরসেনী। কালীপুজো, দেওয়ালি দুটো দিনই পরিবার এবং বন্ধুদের সঙ্গে এনজয় করেন। রাত জেগে পুজোর কাজে সাহায্যও করেন। সঙ্গে থাকে আলোর বাজির সম্ভার। শব্দবাজি সৌরসেনীর পছন্দ নয়। তুবড়ি, রংমশালের মতো আলোর বাজিতেই কাটবে তাঁর এবারের দীপাবলি। অভিনেত্রীর প্রার্থনা, মনের অন্ধকার দূর হোক। আলোকিত হোক হৃদয়।


স্বরলিপি ভট্টাচার্য

Advertisement
সম্পর্কিত সংবাদ