Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফাইনালে দিব্যার মুখোমুখি হাম্পি

ফাইনালে দিব্যার মুখোমুখি হাম্পি
  • ২৫ জুলাই, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

বাতুমি: ২৪ ঘণ্টা আগেই মহিলাদের বিশ্বকাপ দাবায় প্রথম ভারতীয় হিসেবে ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছিলেন দিব্যা দেশমুখ। বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে জিতলেন আর এক ভারতীয় দাবাড়ু কোনেরু হাম্পি। অর্থাৎ, মহিলাদের বিশ্বকাপ দাবায় ভারতের খেতাব জয় নিশ্চিত। এদিন শেষ চারের লড়াইয়ে শীর্ষ বাছাই চিনের লি তিংজিয়ের বিরুদ্ধে টাই-ব্রেকারে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নেন হাম্পি। প্রথমবারের জন্য মহিলাদের বিশ্বকাপ দাবায় ফাইনালে দুই ভারতীয় খেতাবি লড়াইয়ে নামবে। যা দেখে বেশ উচ্ছ্বসিত বিশ্বনাথন আনন্দ। তিনি বলেন, ‘হাম্পি ও তিংজির মধ্যে এক উপভোগ্য লড়াই হল। টাই-ব্রেকারে স্নায়ুর চাপ বজায় রেখে শেষ হাসি হাসল হাম্পি। অভিনন্দন। মহিলা বিশ্বকাপ দাবায় প্রথমবারের জন্য দুই ভারতীয়  খেতাব জয়ের লড়াইয়ে নামবে। এ এক আনন্দের মুহূর্ত।’ 

Advertisement

হাম্পি এবং তিংজির দু’টি ক্যাসিক্যাল গেম ড্র হওয়ায় টাই-ব্রেকারে গড়ায় সেমি-ফাইনাল। বৃহস্পতিবার প্রথম দু’টি র‌্যাপিড গেমও ড্র হয়। এরপর তৃতীয় র‌্যাপিড গেমে জিতে লিড নেয় তিংজি। তবে চাপের মুখেও হাল ছাড়েননি ভারতীয় গ্র্যান্ডমাস্টার। চতুর্থ র‌্যাপিড গেম জিতে সমতা ফেরান হাম্পি। আর শেষ দু’টি ব্লিৎজ গেমে জিতে ৫-৩ ব্যবধানে ফাইনালের টিকিট নিশ্চিত করেন ৩৮ বছর বয়সি হাম্পি।

Advertisement
সম্পর্কিত সংবাদ