শাহ বানো মামলায় বিচলিত হয়ে রাজীবকেও প্রশ্ন করেন সোনিয়া
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সংবাদপত্রে শাহ বানো মামলা সংক্রান্ত প্রতিবেদন তাঁকে অত্যন্ত বিচলিত করে তুলেছিল। স্বামী  তথা তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে এবিষয়ে প্রশ্নও করেছিলেন তিনি। সদ্য প্রকাশিত আত্মজীবনীতে এই বিতর্কিত অধ্যায় তুলে ধরেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।  রাজীবের আমলের এই পদক্ষেপ বারবার সমালোচনার মুখে পড়েছে। বিজেপি অভিযোগ করেছিল, ‘ভোটব্যাংক’-এর কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছিল রাজীব সরকার। সোনিয়া বলেছেন, এসব সত্ত্বেও মুসলিম মহিলাদের নিয়ে রাজীব সরকারের আইন বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট।

Advertisement

মহম্মদ আমেদ খান নামে এক ব্যক্তি তাঁর স্ত্রী শাহ বানোকে তিন তালাক দিলেও খোরপোশ দিতে রাজি হননি। শেষপর্যন্ত আদালতের দ্বারস্থ হলে ১৯৭৯ সালে পাঁচ সন্তানের জননী শাহ বানোর পক্ষে রায় দেয় ইন্দোরের আদালত। মধ্যপ্রদেশ হাইকোর্ট খোরপোশের পরিমাণ আরও বাড়িয়ে দেয়। ১৯৮৫ সালে ওই ঐতিহাসিক রায়ে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রাখে সুপ্রিম কোর্ট। এরপর ১৯৮৬ সালে মুসলিম মহিলা (তালাকের সুরক্ষা) আইন পাশ করে রাজীব সরকার। এর জেরে শাহ বানো মামলার সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। সংবাদপত্রে এবিষয়ে লেখা পড়ে রীতিমতো বিচলিত হয়ে পড়েন সোনিয়া। তিনি লেখেন, ‘বহু মহিলা সমাজকর্মী শাহ বানোর খোরপোষের অধিকারের পক্ষে সওয়াল করছিলেন। এবিষয়ে রাজীবের সঙ্গে তর্ক করেছিলাম। ওঁকে প্রশ্ন করেছিলাম, তুমি মুসলিম মহিলাদের স্বার্থ ক্ষুণ্ণ করছো বলে অভিযোগ করা হচ্ছে। আসলে কী হচ্ছে? তুমি কেন এমনটা হতে দিচ্ছ?’ সোনিয়ার দাবি, ওই পদক্ষেপ ‘হিন্দু-মুসলিম বিদ্বেষ’ উসকে দেয়। কংগ্রেস নেত্রীর বক্তব্য, ‘ধর্মীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন প্রণয়নের বিষয়টির সঙ্গে ধর্মীয় স্বাধীনতার মৌলিক অধিকারের মুখোমুখি সংঘাত দেখা দিয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর শুরুর দিকে বেশকিছু আইনি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এরমধ্যে ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিগত আইনের সুরক্ষা সংক্রান্ত নিশ্চয়তা। এগুলিই সংঘাতের কারণ।’ তবে উত্তরে রাজীব জানিয়েছিলেন, তিনি একটি জটিল পরিস্থিতিকে সামলানোর চেষ্টা করছেন। তিনি আরও বলেন, ‘আমি নারীদের অধিকার রক্ষা করব না? তুমি আমায় চেনো না?’ সোনিয়া লিখছেন, ‘রাজীব জানান, উনি এমন একটি উপায় খুঁজছেন যার মাধ্যমে শাহ বানো ও তাঁর মতো মহিলাদের সমস্যার সমাধান করা যায়। তবে মুসলিম ব্যক্তিগত আইনের সামগ্রিক পরিকাঠামোকে বিপন্ন না করে এই কাজ করতে চেয়েছিলেন তিনি।’