Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মহরমের আগেই জেলার রাস্তা সংস্কার করতে হবে: পুলক রায়

মহরমের মিছিল যে যে রাস্তা দিয়ে যায়, সেইসব রাস্তা যদি কোথাও খারাপ থাকে, তাহলে সেগুলি সংস্কার করতে হবে

মহরমের আগেই জেলার রাস্তা সংস্কার করতে হবে: পুলক রায়
  • ২৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: মহরমের মিছিল যে যে রাস্তা দিয়ে যায়, সেইসব রাস্তা যদি কোথাও খারাপ থাকে, তাহলে সেগুলি সংস্কার করতে হবে। যে রাস্তা যে দপ্তরের দায়িত্বে আছে, তারাই সেগুলি সংস্কার করবে। তবে রাস্তা সংস্কারের পর সংশ্লিষ্ট এলাকার বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, পূর্তবিভাগের কর্মাধক্ষ্য, পুরসভার আধিকারিকদের সেগুলি পর্যবেক্ষণ করতে যেতে হবে। রবিবার বিকেলে হাওড়া গ্রামীণ জেলা প্রশাসন ও উলুবেড়িয়া পুরসভার উদ্যোগে আয়োজিত মহরম নিয়ে সমন্বয় বৈঠকে এই কথা বলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়।

Advertisement

এদিন মন্ত্রী বলেন, মহরম কমিটিগুলি সংশ্লিষ্ট বিডিওর কাছে পানীয় জলের আবেদন করলে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সেই মতো জল বিডিও অফিসে সরবরাহ করে দেবে। যেসব জায়গা দিয়ে মহরমের মিছিল যাবে, প্রয়োজনে সেইসব এলাকার গাছের ডাল সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কেটে দেওয়া হবে। কোথাও বিদ্যুতের লাইন ঝুলে থাকলে সেটাও সংশ্লিষ্ট দপ্তর ঠিক করে দেবে। মন্ত্রী বলেন, জেলা পর্যায়ের বৈঠকের পর আগামী দিনে জেলার প্রতিটি ব্লকে বা থানায় এই ধরনের বৈঠক হবে। শান্তিপূর্ণভাবে মহরমের মিছিল করার জন্য মহরম কমিটিগুলিকেও দায়িত্ব নেওয়ার আহবান জানান তিনি।
হাওড়া গ্রামীণ জেলা পুলিস সুপার সুবিমল পাল বলেন, শান্তিপূর্ণভাবে মহরমের মিছিল করার জন্য প্রতিটি এলাকা থেকে ১৫ জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। তাঁদের থানা থেকে পরিচয়পত্রও দেওয়া হবে। কোনওরকম গুজবে কান না দেওয়া আহ্বান জানান পুলিস সুপার। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক পি দিপাপপ্রিয়া, বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, উলুবেড়িয়ার মহকুমা শাসক মানসকুমার মণ্ডল, জেলার ১১টি ব্লকের বিডিও, বিভিন্ন থানার আইসি, ওসি সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ