নিজস্ব প্রতিনিধি, বহরমপুর ও সংবাদদাতা, ডোমকল: রমজান শুরু হতেই ফলের দাম কার্যত আগুন। এক ধাক্কায় আপেল, বেদনার দাম কেজিপ্রতি ৪০-৫০ টাকা দাম বেড়েছে। খবর পেয়েই বহরমপুর শহরে পাইকারি ও খুচরো বিভিন্ন ফলের বাজারে হানা দিল পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা। শুক্রবার দুপুরে এই অভিযানে হাজির ছিলেন ডিএসপি(ডিঅ্যান্ডটি) সুশান্ত রাজবংশী, বহরমপুরের আইসি সুদীপ সিং, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক অরিজিৎ কর্মকার প্রমুখ। এদিন ফল বিক্রেতাদের কাছে দাম শুনে তাঁরা সতর্ক করেছেন। পাশাপশি তাঁরা ক্রেতাদের সঙ্গেও কথা বলেন।
অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মাজিদ ইকবাল খান বলেন, রমজান শুরু হতেই বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ আসছিল ফলের দাম অনেকটাই বেশি নেওয়া হচ্ছে। তাই আমরা এদিন শহরের পাইকারি ও খুচরো বাজারে অভিযান চালিয়েছি। বিক্রেতাদের সতর্ক করে বলা হয়েছে, কেউ যেন অতিরিক্ত দাম না নেয়। সোলেমান শেখ বলেন, গত সপ্তাহে যে সমস্ত ফলের দাম ২০০টাকা ছিল, সেগুলি এখন ২৫০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পুলিশের তরফে নজরদারি শুরু হয়েছে। এখন যদি বিক্রেতারা একটু ঠিকঠাক দাম নেয় তবেই রক্ষে। একইভাবে শুক্রবার বিকেলে ডোমকল বাজারের বেশ কয়েকটি দোকানে হানা দেন ডোমকলের এসডিপিও শুভম বাজাজ। ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেন। ফলের দাম বেশি নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। নিজস্ব চিত্র