নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলা সংগ্রহালয়কে আরও আকর্ষণীয় করতে নয়া পদক্ষেপ জেলা প্রশাসনের। জেলার লোক শিল্পকলার নানা নিদর্শনকে সামনে রেখে কর্ণজোড়ায় উত্তর দিনাজপুর জেলা সংগ্রহালয়ে নতুন গ্যালারি তৈরি হচ্ছে। সেখানে সাজানো হচ্ছে জেলার মুখা শিল্পকলার জন্য কাঠের তৈরি ঐতিহ্যবাহী নানা মুখোশ, কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রামের কার্পেট, সুভাষগঞ্জ ও কুনোরের টেরাকোটার ঘোড়া, প্রদীপ, ট্যাপাপুতুল, কালিয়াগঞ্জের বাঁশ ও শোলার কারুকাজ সহ জেলার নানা নিদর্শন। রবিবার আন্তর্জাতিক সংগ্রহালয় দিবস উপলক্ষ্যে জেলা সংগ্রহালয়ে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে উত্তর দিনাজপুর জেলা সংগ্রহালয় কর্তৃপক্ষ। এবছর অনুষ্ঠানের থিম ছিল ‘দ্য ফিউচার অব মিউজিয়ামস ইন র্যাপিডলি চেঞ্জিং কমিউনিটিস’। সেই অনুষ্ঠানেই জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভম চক্রবর্তী জেলা সংগ্রহালয়ে নতুন গ্যালারি তৈরির ব্যাপারে জানান। তাঁর কথায়, জেলার ঐতিহ্য, ইতিহাসকে রক্ষা করতে ২০০৪ সালে সংগ্রহালয়টি তৈরি হয়। তারপর থেকে এখানে বহু প্ৰাচীন মূর্তি, মুদ্রা ইত্যাদি সংরক্ষণ করা শুরু হয়। বিগত কয়েক বছরে সংগ্রহালয়টিকে নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে। এবার সেখানেই জেলার মুখা শিল্পকলার কাঠের তৈরি ঐতিহ্যবাহী নানা মুখোশ, কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রামের কার্পেট, সুভাষগঞ্জ ও কুনোরের টেরাকোটার ঘোড়া, প্রদীপ, ট্যাপাপুতুল, কালিয়াগঞ্জের বাঁশ ও শোলার কারুকাজ সহ জেলার নানা নিদর্শন নিয়ে নতুন করে একটি গ্যালারি সাজিয়ে তোলা হচ্ছে। যাতে নতুন প্রজন্ম সহ ইতিহাসপ্রেমী মানুষজন এই জেলার ইতিহাস ঐতিহ্যকে উপলব্ধি করতে পারেন। এব্যাপারে জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনার নির্দেশিকা অনুযায়ী কাজ হচ্ছে।



