সহায়ক মূল্যে ধান কেনা নিয়ে জেলায়  বৈঠক, ক্যাম্প শুরু ১ ডিসেম্বর থেকে
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলি জেলাজুড়ে সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করল প্রশাসন। সোমবার প্রশাসনের ওই বৈঠক থেকে ধান কেনার রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে ১৭টি সিপিসি সহ নানা মাধ্যমে ধান কেনা হবে। চলতি বছরে ২৬৪১ টাকা দরে সহায়ক মূল্য দেওয়া হবে। বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্পে কৃষক হিসাবে নথিভুক্তদের কাছ থেকে ধান কেনা হবে। সমস্ত যোগ্য কৃষককে নিজেদের ই-কেওয়াইসি করে তার পরে ধান বিক্রি করতে হবে। ওই কাজ কৃষকরা যেমন নিজেরা করতে পারবেন তেমনই বিভিন্ন সিপিসি মারফত তাঁদের পরিষেবা দেওয়া হবে।

Advertisement

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলা থেকে চলতি বছরে ৩ লক্ষ ২৭ হাজার হেক্টর ধান কেনা হবে। ২০২৭ সালের জুন মাস পর্যন্ত ওই পর্ব চলবে। জেলায় ইতিমধ্যেই প্রায় তিন লক্ষ যোগ্য উপভোক্তাকে প্রশাসন চিহ্নিত করেছে। অর্থাৎ ধান বিক্রি করতে পারবেন জেলার প্রায় তিন লক্ষ কৃষক। একটি কৃষক পরিবার থেকে সর্বোচ্চ ৪৫ কুইন্টাল ধান কেনা হবে। জেলার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) প্রভাত চট্টোপাধ্যায় বলেন, আমাদের কাছে প্রায় ৬১টি রাইস মিল আছে। ক্রয় করা ধান সেখানে চাল উৎপাদনের জন্য পাঠানো হবে। দ্রুত আমরা কৃষকদের ধান সহায়ক মূল্যে কেনার কাজ শেষ করব। এদিনের বৈঠকে প্রশাসন আরও সিদ্ধান্ত নিয়েছে যে, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকরা ধান বিক্রি করতে চাইলে বাড়তি গুরুত্ব দিয়ে তাঁদের ধান কেনা হবে। 
জেলা প্রশাসন জানিয়েছে, ধান কেনাকে কেন্দ্র করে বিপুল কর্মযজ্ঞ শুরু হচ্ছে। ১৭টি সিপিসির মাধ্যমে দেড়শোরও বেশি কেন্দ্র তৈরি করে ধান কেনা হবে। যাতে কৃষকদের সময়ও বাঁচে এবং ধান কেনার লক্ষ্যমাত্রা দ্রুত পূরণ করা যায়।