Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কদম্বগাছির রেল কলোনি থেকে উচ্ছেদ রুখতে রেলকে চিঠি জেলাশাসকের

বারাসত ১ নম্বর ব্লকের কদম্বগাছি রেল কলোনির বাসিন্দাদের উচ্ছেদ রুখতে তৎপর হল জেলা প্রশাসন।

কদম্বগাছির রেল কলোনি থেকে উচ্ছেদ রুখতে রেলকে চিঠি জেলাশাসকের
  • ১৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত ১ নম্বর ব্লকের কদম্বগাছি রেল কলোনির বাসিন্দাদের উচ্ছেদ রুখতে তৎপর হল জেলা প্রশাসন। এ নিয়ে জেলাশাসকের দপ্তর থেকে রেলকে চিঠি দেওয়া হয়েছে। 

Advertisement

তাতে বলা হয়েছে, এই কলোনিতে রাজ্য সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ঘর তৈরি হয়েছে। তবে জেলা প্রশাসন জানিয়েছে, এ নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
বারাসত-হাসনাবাদ রেল শাখায় রয়েছে কদম্বগাছি স্টেশন। এই স্টেশন লাগোয়া হেমন্ত বসু নগর, ইন্দিরা কলোনি, কানাইনগর সহ পার্শ্ববর্তী এলাকায় প্রায় দু’হাজার মানুষের বাস। এখানে রাজ্য সরকারের ‘বাংলার বাড়ি’ পেয়েছেন ১১০ জন উপভোক্তা। অনেকের বাড়ি তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এই অবস্থায় রেলের উচ্ছেদ নোটিস পেয়ে বিপাকে পড়েছেন তাঁরা। 
আজ, শনিবার রেলের তরফে উচ্ছেদ অভিযান চালানোর কথা। এ নিয়ে বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার বলেন, এ বিষয়ে রেলকে চিঠি দিয়েছেন জেলাশাসক। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি এলাকার মানুষকে নিজেদের অধিকার রক্ষার জন্য অবস্থান বিক্ষোভ করতে বলেছি। আগে এই পরিবারগুলি বারাসতের কারশেড সংলগ্ন এলাকায় থাকতেন। ওই কারশেড তৈরির সময় তাঁদের এইসব কলোনি এলাকায় পুনর্বাসন দেওয়া হয়। এখন হঠাৎ করে এখান থেকে উচ্ছেদ করার পরিকল্পনা চলছে। আমরা এই চক্রান্ত মানব না। 
এ নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের তরফে দীপ্তিময় দত্ত বলেন, নতুন করে নোটিস হয়নি। যা সিদ্ধান্ত আগে হয়েছিল, সেটাই হবে। জেলাশাসকের চিঠি সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ