নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দীর্ঘদিন ধরে নির্বাচিত বোর্ড নেই হাওড়া পুরসভায়। এবার এই পুরসভায় ফের প্রশাসক হিসাবে দায়িত্ব পেলেন হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়া। মঙ্গলবার রাজ্য সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে এই নির্দেশ জারি হওয়ার পরই তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
২০১৮ সালের ডিসেম্বরে হাওড়া পুরসভার তৎকালীন তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়। তারপর আর পুরভোট হয়নি। সেই সময় থেকে প্রশাসকমণ্ডলীর মাধ্যমেই পুরসভা পরিচালিত হয়ে আসছে। বিভিন্ন সময়ে রাজ্যের মন্ত্রী, সরকার মনোনীত প্রতিনিধি, এমনকি জেলাশাসক ও পুর কমিশনারকেও প্রশাসকের দায়িত্বে দেখা গিয়েছে। প্রশাসকমণ্ডলী একাধিকবার গঠন ও পুনর্গঠনও হয়েছে। সম্প্রতি হাওড়া পুরসভার প্রশাসকের দায়িত্ব সামলাচ্ছিলেন পুর কমিশনার প্রসেনজিৎ চক্রবর্তী। তবে রাজ্যে নতুন সরকার গঠনের পর ফের প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন এনে জেলাশাসকের হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হল।
পুরসভা সূত্রের খবর, আপাতত পুরভোট না হওয়া পর্যন্ত জেলাশাসকই প্রশাসক হিসাবে হাওড়া পুরসভার সার্বিক কাজকর্ম দেখভাল করবেন। শহরের নিকাশি, রাস্তা সংস্কার, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা সহ দৈনন্দিন নাগরিক পরিষেবার তদারকির দায়িত্ব তাঁর উপরই থাকবে। দীর্ঘদিন ধরে ভোট না হওয়া নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চললেও প্রশাসনের দাবি, নাগরিক পরিষেবায় যাতে কোনো প্রভাব না পড়ে, সেদিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।