অগ্নিভ ভৌমিক, কৃষ্ণনগর: কৃষ্ণনগর শহরের ২ নম্বর ওয়ার্ডের আজাদ হিন্দ সড়কের পাশেই রয়েছে পাঁচিল দিয়ে ঘেরা ৫ শতক জমি। সেখানে বেশ কয়েক মাস ধরে ঝোলানো রয়েছে বেশ কয়েকটি ব্যানার। তাতে লেখা—‘স্বর্গীয় জয়চাঁদ গাঙ্গুলির দ্বারা জনকল্যাণ স্বার্থে দানকৃত জমিতে প্রোমোটারিরাজ চলবে না।- ঘূর্ণি বাসীবৃন্দ।’ যাকে কেন্দ্র করেই এখন নদীয় জেলা সিপিএমের অন্দর তোলপাড়। এমনকী, রাজ্য কমিটিতে চিঠিচাপাটিও করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। আসলে, জমিটি যে ট্রাস্টকে দান করা হয়েছে, তার মাথায় রয়েছেন সিপিএম নেতারা। বর্তমানে ট্রাস্ট ও একটি সংস্থা যৌথভাবে জমিটির উপর আবাসন তৈরির পরিকল্পনা নিতেই ঝামেলার সূত্রপাত।
সিপিএমের একটা অংশ দানকৃত জমিতে বিল্ডিং নির্মাণ, বাণিজ্যিকভাবে ব্যবহার করা নিয়ে নীতিগত প্রশ্ন তুলেছে। আবাসন তৈরির বরাত কে পাবে, তা নিয়েও ট্রাস্টের সদস্যদের মধ্যেও মতানৈক্য তৈরি হয়েছে। সবমিলিয়ে ওই জমিটিকে ঘিরে সিপিএমের অবস্থাটা এখন ‘কুল রাখি না শ্যাম রাখি’ অবস্থা! যদিও, স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিষয়টি নিয়ে লালপার্টির বক্তব্য—এটা দলের একান্তই অভ্যন্তরীণ ব্যাপার।
ঘূর্ণি এলাকার গণ্যমান্য ব্যক্তি ছিলেন জয়চাঁদ গঙ্গোপাধ্যায়। বহু বছর আগে নিজের ওই জমিটি ‘জনকল্যাণ ট্রাস্ট’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দান করেন। সেই ট্রাস্টের মাথায় রয়েছেন মেঘলাল শেখ, এসএম সাদী, রমা বিশ্বাসের মতো সিপিএমের প্রভাবশালী জেলা নেতারা। জমিটি অব্যবহৃত অবস্থায় পড়ে। সম্প্রতি ট্রাস্টের সঙ্গে উত্তর ২৪ পরগনা জেলার একটি নির্মাণ সংস্থার চুক্তিপত্র সামনে আসে। চলতি বছরের ১৮ মার্চ দু’পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। শর্ত অনুযায়ী, গ্রাউন্ড ফ্লোরের অর্ধেক অংশ, দ্বিতীয় তল এবং চতুর্থ তলের সম্পূর্ণ অংশ পাবে ট্রাস্ট। অন্যদিকে, গ্রাউন্ড ফ্লোরের বাকি অর্ধেক, প্রথম ও তৃতীয় তলের সম্পূর্ণ অংশ পাবে সংস্থা।
সেইমতো ওই সংস্থার তরফে আবাসন ও বাণিজ্যিক ভবন তৈরির ব্যানারও ঝোলানো হয়। কিন্তু দলের অন্দরে বিতর্ক মাথাচাড়া দিতেই ব্যানারটি চটজলদি সরিয়েও ফেলা হয়। এর মধ্যেই ঠিকাদার সংস্থাকে নিয়েও ট্রাস্টের অন্দরে মতানৈক্য তৈরি হয়েছে। কেউ কলকাতার ঠিকাদারকে দিয়ে বিল্ডিং করতে চাইছেন। কেউ আবার চাইছেন কৃষ্ণনগরের ঠিকাদারই কাজটি করুক। ফলত, চুক্তি হলেও কাজের কাজ কিছুই হয়নি। এরপর পালাবদল হতেই ওই জমিতে স্থানীয় ব্যানার ঝুলিয়ে জানিয়ে দেন, ‘দানকৃত জমিতে প্রোমোটারিরাজ চলবে না।’ তা নিয়েও বেশ ফাঁপরে পড়েছে সিপিএম।
জেলা সিপিএমের সম্পাদক মেঘলাল শেখ বলেন, ‘জমিটি আমাদের দান করেছিলেন এক ব্যক্তি। এখন পার্টির আর্থিক অবস্থা দুর্বল। প্রচুর টাকা খরচ করে কাজ করা সম্ভব নয়। আবার জমিটি ফাঁকা পড়ে থাকলেও নানা সমস্যা। সেই কারণে একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করে অংশীদারিত্বের ভিত্তিতে বিল্ডিং তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ওই ভবনে চিকিৎসা সংক্রান্ত নানা পরিষেবা সাধারণ মানুষকে দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মিলিতভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ সিপিএমের সম্পাদক মণ্ডলীর সদস্য রমা বিশ্বাস বলেন, ‘জনকল্যাণ কেন্দ্রের সঙ্গে একজনকে নিয়ে আমরা বিল্ডিং তৈরি করব। বিল্ডিং তৈরি করতে গেলে এখন অনেক খরচ। আমাদের সেই টাকা নেই। সেখানে কিছু হেলথের ক্লিনিক হবে।’ দানের এই জমিটি ঘিরেই সিপিএমের অন্দরে বিতর্ক।



