নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: টান পড়েছে স্কুলের উন্নয়ন তহবিলে! আর তাতেই থমকে গিয়েছে অডিটোরিয়াম তৈরির কাজ। ঘটনায় সিউড়ির পুরন্দরপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ চরম বিপাকে পড়েছে। অর্ধনির্মিত অডিটোরিয়ামের কাজ দ্রুত শেষ করার তাগিদে এবার স্কুল কর্তৃপক্ষ বীরভূম জেলা পরিষদের দ্বারস্থ হয়েছে। জেলা পরিষদও অবশ্য আশার বাণী শুনিয়েছে। জানা গিয়েছে, অর্ধনির্মিত অডিটোরিয়ামের কাজ শেষ করার জন্য এবার জেলা পরিষদ অর্থ বরাদ্দ করতে চলেছে। সেক্ষেত্রে প্রাথমিকভাবে নতুন করে ডিপিআর তৈরি করা হবে। আশা করা হচ্ছে, নতুন অর্থবর্ষের শুরুতেই জেলা পরিষদের তরফে বরাদ্দ টাকায় অডিটোরিয়ামের অর্ধসমাপ্ত কাজ শেষ করা হবে। এবিষয়ে পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম বলেন, স্কুল কর্তৃপক্ষ বিয়য়টি জানিয়েছে। আমরা অর্ধনির্মিত ওই অডিটোরিয়াম তৈরির কাজ শেষ করার চেষ্টা করছি। প্ল্যান এস্টিমেট তৈরির পরই অর্থ বরাদ্দ করা হবে।
সালটা ২০২২। তৎকালীন প্রধান শিক্ষক কৃষ্ণগোপাল রায়ের তত্ত্বাবধানে স্কুলের উন্নয়ন তহবিল থেকে অডিটোরিয়াম নির্মাণের কাজ শুরু হয়। ইতিমধ্যে ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। যদিও অর্থাভাবের জেরে ৩০ শতাংশ কাজ শেষ করা এখনও সম্ভব হয়নি। স্বাভাবিকভাবেই এখনও ওই অডিটোরিয়াম চালু করা সম্ভব হয়নি। স্কুলের তরফে জানা গিয়েছে, স্কুল চত্বরে বহু পুরনো দু’টি ঘর ভগ্নদশায় পড়েছিল। স্কুল কর্তৃপক্ষ ওই দু’টি অকেজো ঘর সংস্কারের চিন্তাভাবনা শুরু করেছিল। শেষ অবধি ওই দু’টি ঘর ভেঙে গুঁড়িয়ে দিয়ে সেখানে অডিটোরিয়াম গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মোতাবেক স্কুলের উন্নয়ন তহবিল থেকে প্রায় ১৯ লাখ টাকা খরচে অডিটোরিয়াম নির্মাণের ৭০ শতাংশ কাজ শেষ করা হয়েছে। অডিটোরিয়ামের নীচে স্কুলের পড়ুয়াদের জন্য সাইকেল স্ট্যান্ড তৈরি করা হয়েছে। উপরতলায় রয়েছে অডিটোরিয়াম। ইতিমধ্যে স্টেজ তৈরির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। আনুমানিক ৫০০ দর্শকাসনযুক্ত অডিটোরিয়ামে অর্থাভাবের জেরে এখনও চেয়ার বসেনি। এছাড়াও সৌন্দর্যায়ন থেকে শুরু করে আলো ও মঞ্চসজ্জার কাজ অসম্পূর্ণ রয়ে গিয়েছে। বলা বাহুল্য কংক্রিটের কাঠামো তৈরি হলেও অডিটোরিয়াম পূর্ণ রূপ পায়নি। কর্তৃপক্ষের দাবি, বাকি কাজ শেষ করতে এখনও প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন। এই পরিমাণ অর্থ স্কুলের উন্নয়ন তহবিলে নেই।