সংবাদদাতা, বিষ্ণুপুর: সাপের ছোবল থেকে বাঁচাতে ওন্দার নিকুঞ্জপুরে চাষিদের গামবুট দেওয়া হল। সোমবার নিকুঞ্জপুরের শিশুমন্দির প্রাঙ্গণে উদ্যানপালন দপ্তর ও স্থানীয় সবুজদ্বীপ কৃষি উৎপাদক গোষ্ঠীর যৌথ উদ্যোগে চাষিদের নিয়ে প্রশিক্ষণ শিবির হয়। সেখানে উপস্থিত ৬০জন চাষিকে একজোড়া করে গামবুট দেওয়া হয়। এদিনের শিবিরে চাষিদের কৃষি ও উদ্যানপালনে উন্নত প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
আধিকারিকরা জানান, চাষের জমিতে বিষধর সাপের উৎপাত বেড়েছে। সেকথা চিন্তা করে উদ্যানপালন দপ্তরের তরফে চাষিদের গামবুট দেওয়া হল। এই শিবিরে ওন্দার বিধায়ক অমরনাথ শাখা, বাঁকুড়া জেলা উদ্যানপালন আধিকারিক পলাশ সাঁতরা সহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিধায়ক বলেন, আমি এই দপ্তরের বিধানসভা কমিটির সদস্য। জেলার চাষিদের স্বার্থে দপ্তরের আধিকারিকদের নিয়ে একাধিক বৈঠক হয়েছে। নিকুঞ্জপুরে প্রচুর সবজি চাষ হয়। চাষিদের জন্য কী কী সরকারি সুযোগ-সুবিধা রয়েছে, তা জানাতে এমন কর্মশালা প্রয়োজন।
এদিনের প্রশিক্ষণ শিবিরে উদ্যানপালন, কৃষি প্রযুক্তি ও ফসল প্রক্রিয়াকরণের উপর বিশেষ আলোচনা হয়। উপস্থিত চাষিরা বলেন, বিষধর সাপের আতঙ্কে এখন মাঠে যেতে ভয় লাগে। বিশেষত ধান কাটার মরশুমে জমিতে চন্দ্রবোড়ার উপদ্রব থাকে। কিন্তু চাষিদের ঘরে বসে থাকলে চলবে না।
সাপের ছোবল থেকে বাঁচতে অনেকেই চটের বস্তা পায়ে বেঁধে ধান কাটতে যান। গামবুট পাওয়ায় খুব সুবিধা হবে।