সংবাদদাতা, উলুবেড়িয়া: দামি প্রাইভেট গাড়িতে করে চোলাই পাচারের পরিকল্পনা ভেস্তে দিল আবগারি দপ্তর। বুধবার ভোরে শ্যামপুর থানার ৫৮ গেট এলাকায় একটি প্রাইভেট গাড়ি থেকে সাত লক্ষ টাকার চোলাই মদ উদ্ধার করল আবগারি দপ্তর। পাশাপাশি এক পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। গত কয়েক মাস ধরে আবগারি দপ্তর এবং পুলিস একযোগে অভিযান চালিয়ে উলুবেড়িয়া মহকুমার বেশিরভাগ জায়গায় চোলাই তৈরির ভাটি বন্ধ করা হয়েছে। তবে কয়েকজন মাঝে মধ্যে লুকিয়ে চোলাই পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার ভোরে এমনই এক পাচারকারী আবগারি দপ্তরের আধিকারিকদের চোখ ফাঁকি দিতে দামি প্রাইভেট গাড়িতে করে চোলাই পাচারের চেষ্টা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে এদিন কাকভোরে দপ্তরের উলুবেড়িয়ার অ্যাসিস্টেন্ট কমিশনার পলাশ বিশ্বাসের নেতৃত্বে ৫৮ গেট এলাকায় সাদা পোশাকে ওত পেতে ছিলেন আবগারির শ্যামপুরের ওসি কৌশিক দাস এবং বাগনানের ওসি জিৎ সরকার। জানা গিয়েছে, সেই সময় ধূলাসিমলার দিক থেকে একটি বিলাসবহুল প্রাইভেট গাড়িকে আসতে দেখে তাঁরা গার্ড রেল দিয়ে গাড়িটিকে আটকান। বিপদ বুঝে চালক গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। পরে গাড়ি তল্লাশি করে প্রায় সাত লক্ষ টাকার চোলাই মদ উদ্ধার করেন আবগারি দপ্তরের আধিকারিকরা। ওই গাড়িতে থাকা বাপ্পা কাজি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন তাঁরা। নিজস্ব চিত্র



