নিজস্ব প্রতিনিধি, বারাসত ও কলকাতা: বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে বারাসত থানায় অভিযোগ জানালেন স্থানীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বুধবার ই-মেল মারফত থানায় অভিযোগ করেন তিনি। তাঁর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় সাংসদ এবং তাঁর পরিবার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। রাজ্যে পালাবদলের পর তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন কাকলি। এরপর বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দিল্লিতে একাধিকবার বৈঠক করেছেন তিনি। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও দেখা করেন কাকলি। সেই সাক্ষাতের পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি অভিযোগ করেন, আইটি সেলের নামে তাঁকে এবং তাঁর পরিবারকে গালিগালাজ করা হচ্ছে। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরেও এনেছেন বলে জানান তিনি। এরপর কাকলির সেই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের ঢেউ ওঠে। নানা মন্তব্যের মধ্যেই সম্প্রতি কুণালও একটি পোস্ট করেন। সেই পোস্টের বক্তব্যকে কেন্দ্র করেই কাকলি থানায় অভিযোগ করেছেন। এই অভিযোগ প্রসঙ্গে কুণালের বক্তব্য, যে-দলের সঙ্গে গদ্দারি-বেইমানি করে, তাকে গদ্দারই বলব। ফুল দিয়ে তো আর পুজো করব না। পুলিশ সমন পাঠিয়েছে। আইন অনুযায়ী আমি পদক্ষেপ করব। কাকলি বলেন, ‘ আইনসভার সদস্য হয়ে কেউ যদি নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করেন তার ফল ভালো হয় না ।’ বারাসত থানা সূত্রে জানা গিয়েছে, ই-মেল মারফত অভিযোগ করেছেন সাংসদ। আইন অনুযায়ীই পদক্ষেপ করা হচ্ছে।



