Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গাজোলে মনোনয়ন প্রত্যাহার বিজেপির বিক্ষুব্ধ নির্দল প্রার্থীর

ক্ষোভ সামলাতে আসরে এবার ‘বহিরাগতরা’। গাজোল আসনে চিন্ময় দেব বর্মনকে পুনরায় টিকিট দিয়েছে বিজেপি। কিন্তু এর বিরোধিতা করে অনেক আগে থেকেই বিজেপির একাংশ ক্ষোভ জানাতে শুরু করে।

গাজোলে মনোনয়ন প্রত্যাহার বিজেপির বিক্ষুব্ধ নির্দল প্রার্থীর
  • ১১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: ক্ষোভ সামলাতে আসরে এবার ‘বহিরাগতরা’। গাজোল আসনে চিন্ময় দেব বর্মনকে পুনরায় টিকিট দিয়েছে বিজেপি। কিন্তু এর বিরোধিতা করে অনেক আগে থেকেই বিজেপির একাংশ ক্ষোভ জানাতে শুরু করে। এখন নির্দল প্রার্থীও ঘোষণা করেছেন বিক্ষুব্ধরা। ভোটের মুখে চাপ বাড়তেই বিক্ষুব্ধদের ম্যানেজ করার জন্য পদ্মপার্টি এবার আসরে নামাল উত্তরপ্রদেশ, বিহারের নেতাদের।

Advertisement

বিজেপির ভিনরাজ্যের হেভিওয়েট নেতারা গাজোলে বিক্ষুব্ধর বাড়িতে গিয়েছিলেন। তাঁরা অনেক বুঝিয়ে নাম প্রত্যাহার করিয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মঞ্চের অন্যতম বিক্ষুব্ধ নেতা প্রফুল্ল চন্দ্র সরকারকে। তিনি ২০১১ সালে বিজেপি প্রার্থীও হয়েছিলেন। প্রফুল্ল বলেন, কিছুদিন ধরে আমার বাড়িতে উত্তর প্রদেশ এবং বিহারের মুঙ্গেরের নেতা এবং খগেন মুর্মু আসছিলেন। অন্য জায়গায় বিদায়ী বিধায়কও দেখা করেছেন। দলের স্বার্থে বৃহস্পতিবার গিয়ে নমিনেশন তুলে নিয়েছি।  তৃণমূলের মালদহের মুখপাত্র শুভময় বসুর কটাক্ষ, গাজোলে বিজেপির বিদায়ী বিধায়কের প্রতি জনরোষ রয়েছে। দলের কর্মী এবং সমর্থকরা তাঁকে পছন্দ করেন না। বিজেপি একজনকে ম্যানেজ করতে পারলেও সাধারণ মানুষকে পারবে না।
গাজোলে ২০২১ সালে বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন জিতেছিলেন মাত্র ১ হাজার ৭৯৮ ভোটে। গত পাঁচ বছরে চিন্ময়ের কাজ নিয়ে দলের পুরনো দিনের কর্মীরা খুশি ছিলেন না। সেজন্য তাঁরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মঞ্চ গড়ে ক্ষোভ উগরে দিতে থাকেন। প্রকাশ্যে মঞ্চ করে বিদায়ী বিধায়ককে টিকিট না দেওয়ার দাবিও করেছিলেন। বিজেপি অবশ্য এবার চিন্ময়কেই টিকিট দেয়। এরপর বিক্ষুব্ধ প্রফুল্ল নির্দল হিসাবে মনোনয়ন জমা দেয়। এতে চাপে পড়ে যায় বিজেপি। 
উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, যিনি নির্দল হয়ে মনোনয়ন করেছিলেন, বুঝতে পেরেছেন এতে তৃণমূলের শক্তি বৃদ্ধি হবে। পালটা তৃণমূলের জেলা মুখপাত্র বলেন, গাজোলে আমাদের প্রার্থী তরুণ। প্রচারে ভালো সাড়া পাচ্ছেন। সেজন্য বিজেপি নেতারা ভয় পেয়ে এদিক ওদিক ছুটছেন। বাইরে থেকে লোক নিয়ে আসছেন তাঁরা।  

Advertisement
সম্পর্কিত সংবাদ