ওয়েলিংটন: নিউজিল্যান্ডের মাটিতে টি-২০ এবং ওয়ান ডে সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। তবে সাফল্যের পথে কাঁটা হয়ে বিঁধেছে বোলিং। আশা করা হচ্ছিল, টেস্ট সিরিজে ছবিটা বদলাবে। কিন্তু কোথায়! প্রথম টেস্টের প্রথম দিনে শুরুটা ভালো করেও শেষ পর্যন্ত একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়তে হল গিল বাহিনীকে। একটা সময় নিউজিল্যান্ডের স্কোর ছিল ৫ উইকেটে ৭০। সেখান থেকে হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপসের ১৭৩ রানের পার্টনারশিপ কিউয়িদের লড়াইয়ে ফিরিয়ে এনেছে। প্রশ্ন উঠছে, প্রতিপক্ষকে বাগে পেয়েও এমন দায়সারা বোলিং কেন? তাহলে কি ভারতীয় বোলাররা আত্মতুষ্টিতে ভুগছিলেন? নাকি বোলিং কম্বিনেশন চয়নে ত্রুটি রয়েছে?
টসের পর ভারতের প্রথম এগারো সামনে আসতেই প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই বিস্ময় প্রকাশ করেন। সম্প্রচারকারী চ্যানেলে সুনীল গাভাসকর বলেন, ‘সিরাজের না থাকা হতবুদ্ধিকর। তবে এর ইঙ্গিত আগেই ছিল। যখন ওডিআই দলে থাকার পরও মাত্র একটা ম্যাচ খেলানো হয়েছিল ওকে। তবে ও কখনো দলকে ডোবায়নি। সিরাজের বোলিংয়েও কিছু ভুলত্রুটি দেখিনি।’ রবি শাস্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ‘সিরাজ কোথায়? ওর অভিজ্ঞতা, আগ্রাসন এবং উইকেট নেওয়ার ক্ষমতা ছিল।’
বুমরাহ ছাড়া ভারতীয় বোলারদের পারফরম্যান্স মোটেও পাতে দেওয়ার মতো লাগেনি। ফলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট রীতিমতো চাপে। সাধারণত এমন দিনে অনেক প্রশ্নের মুখে পড়তে হয় টিম ম্যানেজমেন্টকে। তাই কোচ কিংবা ক্যাপ্টেনের সাংবাদিক সম্মেলন অনেক বেশি প্রাসঙ্গিক হয়। গিল আগেই প্রেস কনফারেন্স করেছিলেন। তাই গম্ভীর প্রথম দিনে সাংবাদিকদের মুখোমুখি হতে পারতেন। কিন্তু সে পথ তিনি মাড়াননি। বরং এড়িয়ে গিয়েছেন। অগত্যা ‘বলি কা বখরা’ হিসেবে ব্যাটিং কোচ সীতাংশু কোটাককে পাঠানো হয়। নিদেনপক্ষে বোলিং কোচও তো আসতে পারতেন?
সিরাজকে না খেলানো নিয়ে প্রশ্নের উত্তরে কোটাক বলেন, ‘আমরা অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। শুধু প্রথম দিনের খেলার নিরিখে সিরাজের বাদ পড়ার ব্যাপারটি বড়ো করে দেখা হচ্ছে। চারদিন খেলা বাকি। তাই হা-হুতাশ করার কিছু নেই। সিরাজের বাদ পড়ার মধ্যে কোনও অন্যায় আছে বলে মনে হয়নি।’ ওয়াশিংটনকে খেলানোর ব্যাপারে তাঁর, ‘নিউজিল্যান্ড দলে চারজন বাঁ হাতি ব্যাটার। তাই জাড্ডুর বদলে সুন্দর। এই ম্যাচের জন্য এটাই সেরা বোলিং কম্বিনেশন।’



