Bartaman Logo
১০ জুন, ২০২৬

মোদি-শাহ-যোগীর বিরুদ্ধে গোপন অ্যাপে ভিডিও প্রকাশ ‘ছদ্মবেশী’ জঙ্গি সংগঠনের

মোদি-শাহ-যোগীর বিরুদ্ধে গোপন অ্যাপে ভিডিও প্রকাশ ‘ছদ্মবেশী’ জঙ্গি সংগঠনের
  • ১৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কখনও ভারত বিরোধী উস্কানি, কখনও আবার ভারতীয় পণ্য বয়কটের ডাক। এর আগে বহুবার ভারত বিরোধিতা দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতকে ইসলাম বিরোধী বলেও বহুবার অপপ্রচার হয়েছে। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে গোপন অ্যাপে ভিডিও প্রকাশ করল একটি ‘ছদ্মবেশী’ জঙ্গি সংগঠন। এমনই চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে। গোয়েন্দারা জানতে পেরেছেন, ৩ মিনিট ৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে তিনজনকেই ‘ইসলামের শত্রু’ বলে আখ্যা দেওয়া হয়েছে। এই ভিডিও নিয়ে সতর্কতা জারি করেছেন গোয়েন্দারা। সেই রিপোর্ট পাঠানো হয়েছে বিভিন্ন জায়গায়।

Advertisement

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, একটি গোপন অ্যাপে গ্রুপ খোলা হয়েছে। গ্রুপের প্রথম অক্ষর ইংরেজির ‘এস’ দিয়ে শুরু হয়েছে। শেষ হয়েছে ‘এইচ’ দিয়ে। ওই গ্রুপেই মোদি, শাহ, যোগীর বিরুদ্ধে ভিডিও পোস্ট করা হয়েছে। এ রাজ্যেও ওই ভিডিওটি নিয়ে সতর্ক করেছেন গোয়েন্দারা। তবে, এই ভিডিও’র নেপথ্যে কোন জঙ্গি সংগঠন কাজ করছে, তা এখনও স্পষ্ট হয়নি। গোয়েন্দাদের অনুমান, কোনও একটি বড় জঙ্গি সংগঠন ছদ্মনাম দিয়ে এই কাজ করছে। যাতে সহজে তাদের জঙ্গি বলে চিহ্নিত না করা যায়। 
প্রসঙ্গত, ভারত বিরোধী পোস্ট নতুন নয়। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে বহু ট্যুইটার হ্যান্ডেলে ভারত বিরোধী পোস্ট ছড়াচ্ছিল। যারা পোস্ট করছিল, তারা নিজেদের আরব দুনিয়ার বিভিন্ন দেশের নাগরিক বলে পরিচয় দিয়েছিল। কিন্তু, কেন্দ্রীয় গোয়েন্দারা তদন্তে নেমে জানতে পেরেছিল, ওই সমস্ত পোস্টের উৎস পাকিস্তান। আসলে ষড়যন্ত্র করছে জঙ্গি সংগঠন আইএস, কলকাঠি নাড়ছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই। কারণ, সারোদ গ্লোরিয়াস নামে একজনের ট্যুইটার হ্যান্ডল তদন্ত করতেই পাকিস্তানের নাম বেরিয়ে আসে। গোয়েন্দাদের অনুমান, এই ভিডিও’র নেপথ্যেও পাকিস্তানের আইএস জঙ্গি থাকতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ