বেঙ্গালুরু: ভোটার তালিকায় চলতি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) ঘিরে তীব্র বিতর্ক চলছে। এই প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ তুলে সোচ্চার বিরোধীরা। এরইমধ্যে কর্ণাটকে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। আর তা কারও নাম বাদের আবেদন বা আপত্তি জানানোর ফর্ম ৭ নিয়ে। ১৬ জুন থেকে ২৮ আগস্টের মধ্যে কর্ণাটকে মোট ১ লক্ষ ১০ হাজার ৬৫৪টি ফর্ম ৭-এর মাধ্যমে আবেদন জানানো হয়েছে। সম্প্রতি এক বিবৃতিতে এমনই জানিয়েছিলেন কর্ণাটকের মুখ্য নির্বাচনি আধিকারিক ভি আনবুক্কুমার। কিন্তু নির্বাচন কমিশনের পোর্টালে সংখ্যাটা ভিন্ন। মাত্র ৮১ হাজার ৮২২টি। রাতারাতি উধাও ২৮ হাজার ৮৩২টি ফর্ম। কারও কাছে কোনো হদিশ নেই। এনিয়ে কমিশনের তরফেও কোনো তথ্য পাওয়া যায়নি।সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। এই তথ্যকে হাতিয়ার করে কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলগুলি।
বিপুল সংখ্যক ফর্ম ৭-এর আবেদনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কর্ণাটকে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। দিনকয়েক আগে সিইও-র দপ্তরে বিক্ষোভ বসেছিলেন মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। তাঁর কথায়, বড়োসড়ো চক্রান্ত করেছে বিজেপি ও নির্বাচন কমিশন। টার্গেট করে ভোটার তালিকা থেকে সংখ্যালঘু, এসসি ও এসটি ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। দিল্লি থেকে বিজেপি নেতা-কর্মীদের ফর্ম ৭ সরবরাহ করা হচ্ছে।



