মনোনয়নে অসংগতি, উত্তরপ্রদেশে বিজেপি বিধায়কের নির্বাচন বাতিল
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রয়াগরাজ: বিজনোরের নেহতাউর বিধানসভা আসনে ২০২২ সালে বিজেপি প্রার্থীর জয়ের ব্যবধান ছিল মাত্র ২৫৮ ভোটের। হারের পর আদালতে যান আরএলডি প্রার্থী মুন্সি রাম। তোলেন জোড়া অভিযোগ—গণনায় কারচুপি এবং জয়ী বিজেপি প্রার্থী ওম কুমারের মনোনয়নপত্রে অসংগতি। মুন্সির দাবি ছিল, উপার্জন ও সম্পত্তি সংক্রান্ত সব তথ্য হলফনামায় প্রকাশ করেননি কুমার। চেপে গিয়েছেন ফৌজদারি মামলা ও অতীত অপরাধের তথ্যও। পরাজিত আরএলডি প্রার্থীর করা মামলায় শেষপর্যন্ত বিজেপি বিধায়কের নির্বাচন বাতিল করে দিল এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতি সলিল কুমার রাই অবশ্য প্রমাণের অভাবে গণনায় কারচুপির অভিযোগ খারিজ করেছেন। তবে, কুমারের হলফনামায় অসংগতির অভিযোগ প্রমাণিত হয়েছে। আর সেই কারণেই বিজেপি বিধায়কের নির্বাচন বাতিলের রায় দিয়েছে হাইকোর্ট। তবে আরএলডি প্রার্থীর আর্জিতে মান্যতা দিয়ে তাঁকে জয়ী ঘোষণায় রাজি হননি বিচারপতি।

Advertisement

পাঁচ দশক আগে এই এলাহাবাদ হাইকোর্টেরই এক রায় তোলপাড় ফেলে দিয়েছিল গোটা দেশে। পরাজিত প্রার্থী রাজ নারায়ণের নির্বাচনি কারচুপির অভিযোগে মান্যতা দিয়ে রায়বেরিলি লোকসভা আসনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্বাচন বাতিল করেছিলেন বিচারপতি জগমোহনলাল সিনহা। ১৯৭৫ সালের ১২ জুনের সেই রায়েই পরবর্তীকালে দেশে জরুরি অবস্থা জারির ভিত্তি তৈরি হয়েছিল। ঐতিহাসিক ও রাজনৈতিক প্রভাবের নিরিখে তার ধারেকাছে না এলেও ফের এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে আরও এক ‘জনপ্রতিনিধি’র নির্বাচন বাতিল হল। বিচারপতি সলিল কুমার রাই বলেছেন, কুমারের নির্বাচন বাতিল হলেও আগামী ১৫ দিন রায়টি কার্যকর হবে না। এই ১৫ দিন নির্বাচনি কেন্দ্রের জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন কুমার। বিধানসভার বিতর্কেও অংশ নিতে পারবেন। তবে বিধানসভার কক্ষ বা কোনো কমিটিতে ভোটাভুটি থাকলে সেখানে অংশ নিতে পারবেন না। বিধানসভা সদস্য হিসাবে কোনো আর্থিক সুবিধাও পাবেন না। রায় ঘোষণা করতে গিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ, ওম কুমারের পেশ করা ফর্ম ২৬-এর হলফনামায় উল্লেখযোগ্য ত্রুটি ছিল। ফলে, জনপ্রতিনিধিত্ব আইনে তাঁর মনোনয়ন বাতিল করা উচিত ছিল। ওই মনোনয়নপত্র গ্রহণ করা উচিত হয়নি রিটার্নিং অফিসারের।