নয়াদিল্লি: ইভিএমে প্রদত্ত ভোট ও গণনার তথ্যে বিস্তর ফারাক! মিলছে না এই দুই পরিসংখ্যানের হিসাব। নির্বাচন কমিশনের ইন্টারনাল অডিটের তথ্যের ভিত্তিতে এই ‘গরমিলে’র অভিযোগ তুলেছে ‘দ্য রিপোর্টার্স কালেকটিভ’। তাদের রিপোর্টে দাবি করা হয়, ২০২৪ সালে মহারাষ্ট্র, হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরের মোট ৫১টি বিধানসভা ও লোকসভা আসনের ভোট গণনায় ব্যাপক গরমিল পাওয়া গিয়েছে। এই ইস্যুতে সুর চড়িয়েছে কংগ্রেসও। যদিও এবার নির্বাচন কমিশনের তরফে অভিযোগ খারিজ করে দেওয়া হল। কমিশন সূত্রে ব্যাখ্যা, এক্ষেত্রে ভোট তথ্যে ফারাক বা রিগিংয়ের অভিযোগ ভিত্তিহীন। একইসঙ্গে তা বিভ্রান্তিকর। কমিশন জানিয়েছে, ভোটার সংখ্যা, ইভিএমে পড়া ভোট সংখ্যা, পোস্টাল ভোট এবং মোট প্রদত্ত ভোট ইনডেক্স কার্ডে পাওয়া যায়। তা কমিশনের ওয়েবসাইটে নির্ধারিত বিভাগে রয়েছে। এর লিঙ্কও দিয়েছে কমিশন। এছাড়া, কোন ‘ইন্টারনাল রেকর্ড’ রিপোর্টে উল্লেখ করে কয়েকটি কেন্দ্রে বুথে ভোটারদের উপস্থিতি ‘শূন্য’ বলে জানানো হয়েছে, তা স্পষ্ট নয় বলে মন্তব্য করেছে কমিশন।
কমিশন আরও বলেছে, বুথে ভোটগ্রহণের শেষে প্রিসাইডিং অফিসারের তৈরি ফর্ম ১৭সি তে প্রদত্ত ভোটের তথ্য থাকে। এই ফর্মের পার্ট ১-এর প্রতিলিপি ভোটগ্রহণ শেষে প্রার্থীদের পোলিং এজেন্টদের দেওয়া হয়। গণনার দিন কাউন্টিং এজেন্টরা এর সঙ্গে গণনাকৃত ভোটের সংখ্যা ফর্ম ১৭ সি-র পার্ট ২-র সঙ্গে মিলিয়ে দেখতে পান। পার্ট ২ তে এই তথ্য থাকে।
প্রকাশিত রিপোর্টে যেসব আসনের তথ্য বিশেষ করে উল্লেখ করা হয়েছে, সেগুলির মধ্যে অন্যতম হরিয়ানার বড়খাল বিধানসভা কেন্দ্র। রিপোর্টে দাবি করা হয়, এই আসনে ৩ লক্ষ ৩২ হাজার ভোট পড়েছিল। কিন্তু ইভিএমে গোনা হয় মাত্র ১ লক্ষ ৬০ হাজারটি। কমিশন সূত্রে ব্যাখ্যা, ওই আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ২৫৩। সেটি মোট প্রদত্ত ভোট নয়। ভোট পড়েছিল ১ লক্ষ ৬০ হাজার ৫৫৩টি বা ৪৮.৩২ শতাংশ। পোস্টাল ভোট বাতিল হয় ২৬টি, ইভিএমে ৫৪৩টি। নোটায় পড়ে ১ হাজার ৫০৯টি ভোট। ফলে প্রদত্ত বৈধ ভোট রেকর্ড হয় ১ লক্ষ ৫৮ হাজার ৪৭৫টি। ফলে গরমিলের অভিযোগ সঠিক নয়।
প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রের মুম্বই নর্থ লোকসভা আসনে ২০২৪ সালের সাধারণ নির্বাচনে ১৮ লক্ষ ১১ হাজার ভোট পড়েছিল। অথচ ইভিএমে গণনা করা হয় মাত্র ১০ লক্ষ ৩৩ হাজারটি। কমিশন এক্ষেত্রেও ভোট তথ্যের এই বিশাল ফারাককে ভিত্তিহীন বলে দাবি করেছে। তাদের ব্যাখ্যা, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৮.১২ লক্ষ। এরমধ্যে ভোট পড়েছিল ১০ লক্ষ ৩৩ হাজার। নোটা এবং বাতিল হওয়া ভোটের জন্য নিয়মমাফিক বাদের পর বৈধ ভোটের সংখ্যা প্রদত্ত ভোটের সংখ্যার সঙ্গে মিলে গিয়েছে। প্রদত্ত ভোট এবং গণনা করা ভোটের মধ্যে কোনো গরমিল নেই। এছাড়াও রিপোর্টে উল্লিখিত অন্যাান্য কেন্দ্রেও গরমিলের দাবি খারিজ করে দিয়েছে কমিশন।



