নিজস্ব প্রতিনিধি, রিষড়া: জগদ্ধাত্রী পুজোর উৎসবের জৌলুস একেবারে কেড়ে নিল শুক্রবারের টানা বৃষ্টি। বৃহস্পতিবার পুজোর আমেজ পায়নি রিষড়ার বাসিন্দারা। সবার আশা ছিল, শুক্রবার হয়ত বৃষ্টি কমবে। কিন্তু মানুষ হতাশ হল এদিনও। রিষড়া নিচু এলাকা হওয়ায় শহরের আনাচকানাচে বর্ষায় জল জমে। এবারের দুর্যোগ প্রবল না হওয়ায় জল জমেনি বটে কিন্তু পুজো মণ্ডপের প্রবেশপথ ছিল যাতায়াতের অযোগ্য। মণ্ডপের বাইরের আলো নেভানো ছিল। দোকানদাররা ব্যবসা করতে পারেননি। মাইকে গান বাজেনি। ঢাক বাজেনি। উদ্যোক্তারা আশা করছেন, শনিবার বিকালের পর হয়ত পরিস্থিতি ভালো হবে। সে ক্ষেত্রে শনি, রবি ও সোম মিলিয়ে আড়াই দিন সময় মিলবে। অন্তত এইটুকু সময় জগদ্ধাত্রী সহায় হোন, চাইছেন সকলে।
রিষড়া বাঙ্গুর পার্ক এলাকার পার্ক সম্মিলনির পুজোয় এবারের থিম উৎসারিত আলো। কেরলের ওনাম উৎসবের একটি বিশেষ দিক পোকালম। তার মূল আকর্ষণ রং বাহারি আলপনা। তার সঙ্গেই মিশেছে কথাকলি নাচের আবহ। পুজো কমিটির সদস্য অলোকেশ দাশগুপ্ত বলেন, শুধু আমাদের মণ্ডপই নয় আশপাশের সব মণ্ডপ মিলিয়ে জমজমাট দোকানপাট বসে। কিন্তু বৃষ্টিতে ব্যবসায়ীদেরও রুটি রুজিতে টান পড়ছে। আর এক সদস্য কৌশিক চক্রবর্তী জানান, প্রশাসনের অনুরোধে তাঁরা মণ্ডপের বাইরের যাবতীয় আলো বন্ধ রেখেছেন। শুধু প্রতিমার ফোকাসটুকু রয়েছে। বন্ধ মাইকও। শুক্রবার সকালে ঘট বিসর্জনের কথা থাকলেও তা সম্ভব হয়নি।
মধ্যপ্রদেশের গণ্ড উপজাতিদের জীবনজীবিকা নিয়ে সাজানো হয়েছে তেঁতুলতলা রবীন্দ্র সংঘের মণ্ডপ। শুক্রবার দুপুরেও সেখানে জল জমে। সন্ধ্যার পর জল নামে। কারণ এখানকার রাস্তার জল জমা অনেকটাই জোয়ার ভাটার উপর নির্ভরশীল। জল নামার পর দু-চারজন দর্শক এসেছিলেন। কিন্তু আলোর উজ্জ্বলতা কমাতে হয়েছে বাধ্য হয়ে। পুজোর সদস্য মানস চক্রবর্তী বলেন, ‘শর্ট সার্কিটে পাছে কোনো বিপদ ঘটে, তার জন্যই আমরা রাস্তার উপরের আলো বন্ধ রেখেছি। লাইভ অনুষ্ঠানের ব্যবস্থা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সেই অনুষ্ঠান মণ্ডপের ভিতরে সরিয়ে আনতে হয়েছে।’ সারদামাতা ফরওয়ার্ড ক্লাবের থিম সিঁদুরের সম্মান। এবার খোলা মাঠে অল্প আচ্ছাদনে সাজানো হয়েছে থিম। তা গড়া হয়েছে লোহা আর স্টিলের কাঠামোয়। পুজো কমিটির সদস্য জ্যোতির্ময় সেনগুপ্ত জানালেন, তাঁদের মূল কাঠামোর তেমন কোনো ক্ষতি হয়নি বৃষ্টিতে। কিন্তু কাপড়ের অংশ ভিজেছে। বৃষ্টি থামলে তা ঠিক করা হবে। রিষড়া রেল স্টেশনের পশ্চিম পাড়ে সেবাসদনের সামনে জল জমায় সমস্যায় পড়ে নিকটবর্তী দু’টি বিখ্যাত পুজো অঙ্কুর ও সাধনকাকন। দারুণ মণ্ডপ হলেও, এদিন নিঃঝুম ছিল গোটা চত্বর। ব্রহ্মানন্দ মাঠের ওপর রাজকীয় মণ্ডপ রাজমহলও এদিন দর্শকবিহীন থাকায় ছিল জৌলুসহীন। কর্মকর্তাদের আশা, আজ থেকে জৌলুস ফিরবে। দর্শকরা পথে নামলেই সার্থক হবে এবারের পুজো।



