নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ সাউথ সেকশনে ইটের তৈরি ব্রিটিশ আমলের ভূগর্ভস্থ নিকাশিনালা ভেঙে গিয়েছে। তার জেরে পুরসভার পানীয় জলের পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি, ওই অংশে রেললাইন ভেঙে বসে গিয়েছে। যদিও সেটি লুপ লাইন হওয়ায় যাত্রীবাহী ট্রেনের পরিষেবায় তেমন কোনো বিঘ্ন ঘটেনি বলে দাবি রেলের। এদিকে, পুরসভার নিকাশি বিভাগের দাবি, ওই নিকাশিনালা ১৮৭০ সালে তৈরি। যে ১৩ মিটার অংশ ভেঙেছে, সেখানে নিকাশিনালার উপরে কোনো ছাদ ছিল না। লোহার শিটের উপর পাতাছিল রেললাইন। দীর্ঘদিনের পুরানো হওায়ায় সেই লোহার শিট ভেঙেই রেললাইন বসে যায়। আর তাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে শতাব্দীপ্রাচীন নিকাশি। এই অবস্থায় রেল কর্তৃপক্ষের পালটা বক্তব্য, কীভাবে হল, কার দোষ, সেটা তো তদন্তসাপেক্ষ। এখন দোষোরোপের রাস্তায় না গিয়ে আশু সমাধান করতে হবে।
জানা গিয়েছে, মৌলালি থেকে পামার বাজার পাম্পিং স্টেশন পর্যন্ত বিস্তৃত রয়েছে ব্রিটিশ আমলের তৈরি এই নিকাশি। সেটি এতটাই চওড়া যে তার ভিতর দিয়ে মানুষ বা নৌকা চলাচল করতে পারে। সম্প্রতি এই ভূগর্ভস্থ নিকাশি সংস্কারের কাজে হাত লাগিয়েছে পুরসভা। নালাটি পুরোপুরি ডিসিলটিং বা পলিমুক্ত করে ‘জ্যাকেটিং’ করে দেওয়া হবে। এর মধ্যেই ঘটে গিয়েছে এই বিপত্তি। শিয়ালদহ দক্ষিণ শাখায় বেলেঘাটা ব্রিজের অদূরে রেলের একটি লুপ লাইন রয়েছে। পাশেই রয়েছে অন্য লাইন। তার নীচ দিয়ে রয়েছে পানীয় জলের পাইপলাইন এবং পামার বাজার পর্যন্ত ভূগর্ভস্থ নিকাশি। পুর আধিকারিকরা জানাচ্ছেন, বহু দশকের পুরানো হওয়ায় নিকাশিনালার উপরিভাগের অংশ (আর্চ) ভেঙে গিয়েছে। ফলে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে পানীয় জলের লাইন। তার উপরে থাকা রেললাইনও বসে গিয়েছে। নতুন করে রেললাইন পাতার কাজ চলছে দিন তিনেক ধরে। পুরসভার নিকাশি ও জল সরবরাহ বিভাগের আধিকারিকরা ঘনঘন পরিদর্শন করছেন। রেলের কাজ হয়ে যাওয়ার পর ওই নিকাশিনালা কীভাবে সংস্কার করা যায়, তা খতিয়ে দেখা হচ্ছে। পুর কর্তৃপক্ষ জানাচ্ছে, এটি নিকাশি বিভাগের আওতাভুক্ত হলেও সংস্কারের কাজ করছে পুরসভার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ। তারাই সেখানে ভেঙে যাওয়া নিকাশি মেরামত করবে।



