নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পরিকল্পনা ও পরিসংখ্যান দপ্তরের ডিরেক্টর জেনারেল পদমর্যাদার এক অফিসারকে বেতনের অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হল। কারণ, তাঁর বেতন সুরক্ষা কাঠামো বিধিসম্মতভাবে হয়নি। তাই তা গ্রহণযোগ্যও নয়। সেই অনুযায়ী এতদিন যে অতিরিক্ত টাকা পেয়েছেন, তাঁকে সেই টাকা ফেরত দিতে হবে। এই সংক্রান্ত আগের সব অর্ডার বাতিল করা হল। চলতি মাসে দপ্তর থেকে একটি মেমোরেন্ডাম জারি করে এই কথা বলা হয়েছে। জানা গিয়েছে, দেবব্রত নাগ নামে ওই অফিসার ছাড়াও আরও পাঁচজন এই সুবিধা পাচ্ছিলেন। সূত্রের খবর, দেবব্রতবাবুর অবসর সামনেই। তাঁর পেনশন ফাইল তৈরি করার সময় বিষয়টি নিয়ে সন্দেহ হয়েছিল প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফিসের। তারা সরকারের কাছে ওই অফিসারের বেতন সুরক্ষা কাঠামো বিধি মেনে হয়েছিল কি না, জানতে চেয়েছিল। অর্থদপ্তরের কাছে এনিয়ে পরিকল্পনা ও পরিসংখ্যান দপ্তর তথ্য চায়। অর্থদপ্তর থেকে পরিকল্পনা ও পরিসংখ্যান দপ্তরকে জানানো হয় যে, অর্থদপ্তরের অনুমতি ছাড়াই পুরো কাজ করেছে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর। ওই মেমোরেন্ডামে তা উল্লেখ করা হয়েছে। ডিরেক্টর জেনারেলের উদ্দেশে এই নির্দেশ দেওয়া হয়েছে। বাকি পাঁচজনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। অনেকে বলছেন, সব অফিসারের হিসাব করলে কয়েক কোটি টাকা সরকারি কোষাগারে জমা পড়ার কথা। এ প্রসঙ্গে দেবব্রতবাবু বলেন, ‘এ ব্যাপারে আমরা ৬ জন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যা করার করব।’



