Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা অথই জলে, চার বিমান সংস্থাকে চিঠি, মেলেনি উত্তর

আশা নিয়েই আপাতত থাকতে হবে। কলকাতা-লন্ডন সরাসরি বিমান চলাচল কবে শুরু হবে, তার কোনো নির্দিষ্ট সময় জানাতে পারল না বিমানবন্দর কর্তৃপক্ষ।

কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা অথই জলে, চার বিমান সংস্থাকে চিঠি, মেলেনি উত্তর
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আশা নিয়েই আপাতত থাকতে হবে। কলকাতা-লন্ডন সরাসরি বিমান চলাচল কবে শুরু হবে, তার কোনো নির্দিষ্ট সময় জানাতে পারল না বিমানবন্দর কর্তৃপক্ষ। এ বছর কোনো সম্ভাবনা যে নেই তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, চারটি বিমানসংস্থাকে চিঠি পাঠানো হয়েছিল। তাদের কেউ এই রুটে বিমান চালানো নিয়ে আগ্রহ দেখায়নি। এরপর বহু যাত্রীর প্রশ্ন, কলকাতা-লন্ডন সরাসরি বিমান চলাচল কি বিশবাঁও জলে?

Advertisement

একসময় কলকাতা থেকে লন্ডন সরাসরি নিয়মিত বিমান চলত। এয়ার ইন্ডিয়া ছাড়াও ব্রিটিশ এয়ারওয়েজ সেই পরিষেবা দিত। ২০০৯ সালের মার্চে কলকাতা-লন্ডন সরাসরি বিমান চলাচল বন্ধ করে দেয় ব্রিটিশ এয়ারওয়েজ। তারপর আর ওই রুটে বিমান চলত না। ১১ বছর পরিষেবা ছিল বন্ধ। তারপর ২০২০ সালের সেপ্টেম্বরে এয়ার ইন্ডিয়া কলকাতা থেকে লন্ডন সরাসরি বিমান চলাচল চালু করে। তা ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়। সপ্তাহে দু’দিন কলকাতা-লন্ডন বিমান চলত। প্রথম দিকে যাত্রীসংখ্যা ঠিকঠাক ছিল। তবে কিছু সময় পর থেকে তা ক্রমশ কমতে থাকে। একসময় যাত্রীসংখ্যা বিমান পিছু ১০০ জনের নীচে নেমে যায়। করোনার সময় ব্যাপক প্রভাব পরে কলকাতা-লন্ডন বিমান পরিষেবায়। অনিয়মিত হয়ে পড়ে চলাচল। করোনার পর কয়েকটি বিমান চলেছিল। কিন্তু ২০২২ সালের ২০ মার্চ থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় কলকাতা-লন্ডন বিমান চলাচল।
এই রুটে বিমান পরিষেবা চালুর জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকবার উদ্যোগ নিয়েছিলেন। চিঠিপত্র পাঠিয়েছিলেন। এয়ারলাইন্সের কাছেও আবেদন করেছিলেন। এছাড়া তৃণমূল জমানায় বিধানসভায় একটি প্রস্তাব আনা হয়েছিল। তৎকালীন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সে প্রস্তাব বিধানসভায় এনেছিলেন। লন্ডন ছাড়াও আমেরিকা ও ইউরোপের বিভিন্ন শহরে কলকাতা থেকে বিমান চালুর বিষয়ে বিধানসভায় আলোচনা হয়েছিল। তবে বিস্তর চিঠিপত্র চালাচালি, আলাপ-আলোচনা হলেও কাজ কিছু হয়নি। এখন আবার প্রশ্ন উঠছে, কলকাতা থেকে লন্ডন বিমান পরিষেবা আদৌ কি চালু হবে? কলকাতা বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং এ বিষয়ে সদর্থক কোনো উত্তর দিতে পারেননি। বুধবার তিনি বলেন, ‘আমি চারটি এয়ারলাইন্সকে চিঠি পাঠিয়েছিলাম। তারা হল, এয়ারইন্ডিয়া, ইন্ডিগো, ব্রিটিশ এয়ারওয়েজ এবং লুফথানসা। তারা এখনও পর্যন্ত কোনো আগ্রহ দেখায়নি। ফলে কবে কলকাতা-লন্ডন বিমান চলাচল শুরু হবে নিশ্চিত করে তার কোনো দিনক্ষণ বলা যাচ্ছে না।’
বর্তমানে ক্ষমতায় থাকা বিজেপি সরকার কলকাতা-লন্ডন বিমান চলাচল শুরুর বিষয়ে কী পদক্ষেপ নেয়, তার দিকে তাকিয়ে সবাই। কলকাতা বিমানবন্দরের অধিকর্তা জানিয়েছেন, ‘একটি আশার খবর হল, কলকাতা-দুবাই অধিক যাত্রীবাহী বিমান চালু হতে চলেছে। ৩০০ থেকে ৪০০ যাত্রী বহনকারী বিমান চালু হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ