Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

২৬ কোটিতে ঢেলে সাজছে দিনহাটা শহরের জল পরিষেবার পরিকাঠামো

২৬ কোটিতে ঢেলে সাজছে দিনহাটা শহরের জল পরিষেবার পরিকাঠামো
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দিনহাটা: দিনহাটা শহরের পানীয় জলের পরিষেবায় আসছে বড়সড় রদবদল। কেন্দ্রীয় সরকারে প্রস্তাবিত ‘আম্রুত ২’ প্রকল্পের আওতায় ২৬ কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ রূপে ঢেলে সাজানো হচ্ছে শহরের পানীয় জল পরিষেবার পরিকাঠামো। চলমান প্রকল্পটি শেষ হলেই জল সরবরাহের দায়িত্ব জনস্বাস্থ্য কারিগরি দপ্তর কাছ থেকে বুঝে নেবে দিনহাটা পুরসভা।

Advertisement

এখনও পানীয় জলের ব্যবস্থায় কোনও সমস্যা দেখা দিলে তা পুরসভা জানাত জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে। সেক্ষেত্রে দপ্তরের কর্মীরা এসে সমস্যা সমাধানের কাজ করতেন। কিন্তু, কাজ শেষ হলে এই ছবিটা বদলাবে। তখন থেকে এই ধরনের সমস্যা দেখা দিলে তা পুরসভার নিজস্ব কর্মীরা সমাধান করবেন। ফলে দ্রুত ও সঠিক পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন।
পুরসভা সূত্রে খবর, পিএইচই-র সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। কাজ সম্পূর্ণ হওয়ার পরে পানীয় জলের দায়িত্ব পুরসভার হাতে তুলে দেওয়ার জন্য দপ্তরের তরফে চিঠিও পাঠানো হয়েছে। অর্থাৎ, ভবিষ্যতে শহরের জল সংক্রান্ত কোনও সমস্যার সমাধানে এখন আর জনস্বাস্থ্য দপ্তরের দিক তাকাতে হবে না, সেগুলি দেখভাল করবে পুরসভা নিজেই।
প্রায় ৯৮ কিমি দীর্ঘ পাইপলাইন বসানোর কাজ চলছে। এই প্রকল্পে শহরের ৪,০০০-রও বেশি বাড়িতে বিনামূল্যে জল সংযোগ দেওয়া হবে। শুধু তাই নয়, পুরসভার অফিস সংলগ্ন এবং পাওয়ার হাউস মোড়ের দু’টি পুরনো রিজার্ভার ভেঙে নতুনভাবে নির্মাণ করা হবে। আরও আধুনিক ও কার্যকরি জলসংরক্ষণ ও সরবরাহের লক্ষ্যেই এই সিদ্ধান্ত।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পাম্পহাউস বসানো হবে। যার মধ্যে রয়েছে চিল্ড্রেন পার্ক, বোর্ডিং পাড়া মাঠ, চরক পূজার মাঠ ও থানা মাঠ। এর ফলে শহরের প্রায় প্রতিটি ওয়ার্ডে পানীয় জলের সমস্যা অনেকটাই মিটে যাবে বলে মনে করছে প্রশাসন।
দিনহাটা পুরসভার এগজিকিউটিভ অফিসার অলককুমার সেন বলেন, পিএইচই থেকে পানীয় জলের দ্বায়িত্ব পুরসভা নিলে দিনহাটা শহরবাসীর বহুদিনের পানীয় জলের সমস্যা স্থায়ীভাবে মেটানো সম্ভব হবে। আমাদের টার্গেট, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই কাজ সম্পূর্ণ করে দায়িত্ব গ্রহণ করা।

সম্পর্কিত সংবাদ