নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: জঙ্গলমহল এলাকায় হাতির হানা রুখতে গ্রাম ঘিরে পরিখা খননের পরামর্শ দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বুধবার জেলা প্রশাসনের কার্যালয়ে বিকশিত ভারত - জি রামজি পঞ্চ সম্মেলনে জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, রাজনীতি ভুলে যান। আমরা সবাই জনপ্রতিনিধি। মানুষকে পরিষেবা দেওয়ার জন্য পদে রয়েছি। সরকারের যে কাজগুলি রয়েছে তা মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের কোথাও বাধার মুখে পড়তে হলে আমি আপনাদের পাশে রয়েছি। পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন মন্ত্রীর কথায়, গ্ৰামীণ স্তরের নানা কাজ নিয়মিত পরিদর্শন করতে হবে আধিকারিকদের। থাকতে হবে জন প্রতিনিধিকেও। ঝাড়গ্রাম জেলার ৭৯টি পঞ্চায়েতের মধ্যে ৭৭টি গ্রাম পঞ্চায়েতে জি-রাম-জি প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই কেন্দ্রীয় প্রকল্পে ৩১৮ প্রকারের কাজ রয়েছে। ঝাড়গ্রাম দেশের পিছিয়ে পড়া জেলাগুলির তালিকায় রয়েছে। জঙ্গলমহলের রুক্ষ প্রকৃতির কারণে চাষবাস কম হয়। জেলার বড়ো অংশের মানুষ ভিনরাজ্যে কাজের সন্ধানে চলে যান। সেই সঙ্গে লাগাতার হাতির হানা বাসিন্দাদের জীবনকে দূর্বিসহ করে তুলেছে। ভিবি -জি রামজি প্রকল্পের বাস্তবায়ন হলে স্থায়ী সম্পদ তৈরি হবে জেলায়। সেইসঙ্গে জেলার আদিবাসী জনজাতি গোষ্ঠীর মানুষ বাড়ির কাছাকাছি কাজ পাবেন। এই প্রকল্পের হাত ধরে বাড়বে জীবিকার সুযোগ। জঙ্গলমহলের দ্বিতিয় বড়ো সমস্যা হাতির হানা। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এদিন হাতির হানা রুখতে উপদ্রুত গ্ৰামের চারপাশে পরিখা খনন করা হবে বলে জানান। পঞ্চ সম্মেলনে গ্ৰামীন পরিকাঠামোর উন্নয়নে জনপ্রতিনিধিদের একযোগে কাজ করার আহ্বান জানানো হয় এদিন। সম্মেলন মন্ত্রী ছাড়াও জেলাশাসক আকাঙ্খা ভাস্কর, মহকুমা শাসক, বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, প্রণত টুডুরা উপস্থিত ছিলেন।



