মঙ্গল ঘোষ, মালদহ: ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় মালদহের ইংলিশবাজার শহরে দিলীপ স্মৃতি সঙ্ঘের উদ্যোগে রাজমহল রোডে পুনর্মিলন উৎসব জমে ওঠে। সেখানে এই ক্লাবের বয়স্ক এবং প্রয়াত ক্লাবের সদস্যদের পরিবারকে আমন্ত্রণ জানানো হয়। তাঁদের শ্রদ্ধা ও সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও এদিন সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে ভিড় উপচে পড়ে। উপস্থিত ছিলেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলার চৈতালি ঘোষ সরকার,শুভময় বসু,গায়েত্রী ঘোষ সহ জনপ্রতিনিধিরা। পুনর্মিলনকে ঘিরে সদস্যরা রীতিমতো আপ্লুত।
ক্লাব সূত্রে জানা গিয়েছে,১৯৫১ সালে সমাজের পাশে দাঁড়াতেই ইংলিশবাজার শহরে একটি ক্লাবের প্রতিষ্ঠা হয়। তখন ক্লাবের নাম ছিল রবীন্দ্র স্মৃতি সঙ্ঘ। সেই সময় একদল তরুণ আবেগ দিয়ে ক্লাব করতেন। অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। ক্লাবের অন্যতম সদস্য দিলীপ দাস অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। কিন্তু একটি দুর্ঘটনায় তিনি মারা যান। তখনকার ক্লাবের সদস্যরা তাঁর নামেই ক্লাবের নাম রাখেন।
এই ক্লাব ফি বছর দুর্গাপুজো করে তাক লাগিয়ে দেয়। বিভিন্ন থিম করে। ১৯৬৩ সালে রাজ্যের তৎকালীন সেচমন্ত্রী গনিখান চৌধুরীর হাত থেকে পুরস্কার নেয় এই ক্লাব। জেলার প্রথম হয়ে চার ফুটের বড় শিল্ড পায়। সেই স্মৃতি আজও টাটকা। ক্লাবের সভাপতি কৃষ্ণকুমার দাস বলেন, আমাদের ৭৫ বছরে পুনর্মিলন উৎসব খুবই সুষ্ঠুভাবে হয়েছে। আমাদের অতিথিদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাঁদের বিশেষ ক্যালেন্ডার দেওয়া হয়েছে। সেই ক্যালেন্ডারের ছবিতে ক্লাবের বহু স্মৃতি রয়েছে, আমরা ৮ বার বিশ্ববাংলা সম্মান পেয়েছি। বরকতদার দেওয়া পুরস্কার এবং বিভিন্ন সামাজিক কাজের ছবি সেখানে দেওয়া হয়েছে।
ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং কাউন্সিলার শুভময় বসু বলেন, ৭৫ তম বছরে দিলীপ সংঘ পদার্পণ করল। এটা সৌভাগ্যের বিষয়। ক্লাব এগিয়ে যাক। এটাই চাই।