নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্টির তরফে প্রধানমন্ত্রীর আসন্ন জনসভায় আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ। আগামী শুক্রবার দুর্গাপুরের নেতাজি স্টেডিয়ামে বিজেপির জনসভায় অংশ নেবেন নরেন্দ্র মোদি। ওইদিন প্রধানমন্ত্রীর সঙ্গে একমঞ্চে দেখা যাবে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। পার্টির আমন্ত্রণ গ্রহণ করে বুধবার রাতেই দুর্গাপুর পৌঁছবেন দিলীপবাবু।
উল্লেখ্য, গত ২৯ মে আলিপুরদুয়ারে এই দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মোদি। কিন্তু ওইদিন সভামঞ্চে দেখা যায়নি মেদিনীপুরের প্রাক্তন এমপিকে। তার মাঝে গত ২ জুলাই শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপির নয়া সভাপতি হিসেবে দায়িত্ব নেন। তারপরই দলে ‘উপেক্ষিত’ দিলীপ ঘোষের রাজনৈতিক সমীকরণ ভিন্ন খাতে বইতে শুরু করে। ২০২৪ লোকসভা নির্বাচনে দলের একাংশের ‘চক্রান্তে’ মেদিনীপুর কেন্দ্র থেকে দিলীপবাবুকে সরিয়ে দেওয়া হয়ছিল বর্ধমান-দুর্গাপুরে। শুক্রবার সেই দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় হাজির থেকে দিলীপ ঘোষ কার্যত এক বৃত্ত সম্পূর্ণ করতে চলেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।