সংবাদদাতা, খড়্গপুর: চা-চক্রের নামে ভোটের আগের দিনও প্রচার চালানোর অভিযোগ উঠল খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে কমিশনের দ্বারস্থ হলেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। দিলীপের বিরুদ্ধে অভিযোগ, বুধবার সকালে চা-চক্রের নাম করে গোলবাজারের ব্যবসায়ীদের সঙ্গে দেখা করেন তিনি। তাঁদের সমস্যাগুলি মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও অভিযোগ। সেইসঙ্গেই কর্মী-সমর্থকদের নিয়ে গাড়ি করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর অভিযোগও উঠেছে দিলীপ ঘোষের বিরুদ্ধে।
তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের অভিযোগ, নির্বাচন কমিশনের বিধি মেনে মঙ্গলবার সন্ধ্যা ছ'টার মধ্যে সমস্ত প্রচার বন্ধ করে দিয়েছি আমরা। কিন্তু, দিলীপ ঘোষ আজ সকালে চা-চক্রের নাম করে গোলবাজারের ব্যবসায়ীদের প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোট চাইছেন। এর বেলায় কি নির্বাচন কমিশন চোখে কালো চশমা পরে রয়েছে! সমস্ত জায়গায় অভিযোগ জানিয়েছি। নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয় দেখছি। নাহলে আন্দোলনে নামব আমরা।
এনিয়ে দিলীপ ঘোষ বলেন, কোন বিধি ভঙ্গ করিনি। আমি জন সম্পর্ক করছি। লোকের সঙ্গে চা খাচ্ছি। যারা লোকের সঙ্গে মিশতে পারে না, তাদের সমস্যা হচ্ছে। এখানকার মহিলারা আমাকে ডেকেছেন। আশীর্বাদ করছেন। তাই এসেছি।