নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মূল কলকাতার সঙ্গে বেহালা, ঠাকুরপুকুর, জোকার বিভিন্ন রাস্তার সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ পথ এটি। কিন্তু, সেই মতিলাল গুপ্ত রোডের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছিল। ভাঙা রাস্তার কারণে দুর্ভোগের সীমা ছিল না বাসিন্দাদের। সেই খবর প্রকাশ করে ‘বর্তমান’। সেই খবর প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ করল কলকাতা পুরসভা। পুরসভার আওতাধীন কেইআইআইপি বিভাগ রাতারাতি রাস্তা সংস্কার করেছে। আপাতত ওই রাস্তার বিভিন্ন জায়গা প্যাচওয়ার্ক করে চলার উপযোগী করে তোলা হয়েছে। কিন্তু, যেভাবে লাগাতার বৃষ্টি চলছে, তাতে ফের পিচের আস্তরণ উঠে কঙ্কালসার দশা বেরিয়ে আসতে পারে, চিন্তা পুরকর্তাদের।
একদিকে ১১৫ নম্বর ওয়ার্ডের টালিগঞ্জের করুণাময়ী ঘাট রোড, রাজা রামমোহন রায় রোড, অন্যদিকে সোদপুর রোড, কালীতলা অঞ্চলকে যুক্ত করেছে মতিলাল গুপ্ত রোড। পরে সোজা গিয়ে মিশেছে বড়িশায় জেমস লং সরণিতে। কিন্তু এই রাস্তার বিভিন্ন জায়গার অবস্থা ছিল শোচনীয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত বছর পুজোর আগে প্যাচওয়ার্ক হয়েছিল। তারপর বিভিন্ন জায়গায় গর্ত তৈরি হয়েছে। গাড়ি চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় চালকদের। সংবাদ প্রকাশের পর বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত রাস্তা মেরামতির নির্দেশ দেন পুর প্রশাসক তথা কমিশনার স্মিতা পান্ডে। মঙ্গলবার রাতেই রাস্তার গর্তগুলিতে পড়েছে পিচের প্রলেপ। জানা গিয়েছে, ওখানে নিকাশি পাইপ বসানোর কাজ হয়ে গেলেও অলিগলি বা বাড়ি বাড়ি কানেকশন দেওয়ার কাজ এখনও বাকি। তাই, সার্বিক সংস্কার করা সম্ভব হয়নি। বর্ষার পর প্রকল্পের কাজ হয়ে গেলে গোটা রাস্তা সার্বিকভাবে মেরামত করা হবে। মতিলাল গুপ্ত রোড ফের মসৃণ হবে, চলাচলে স্বাচ্ছন্দ্য আসবে।