Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দাঁইহাটে সাইকেল সারানোর দোকানে ভয়াবহ আগুন

দাঁইহাটে সাইকেল সারানোর দোকানে ভয়াবহ আগুন
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাটোয়া: দাঁইহাট শহরে সাইকেল সারাইয়ের দোকানে ভয়াবহ আগুন লাগল। রবিবার দুপুরে ৮ নম্বর ওয়ার্ডের বেড়া ঘোষপাড়ায় এঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ওই দোকানে কাটা পেট্রল বিক্রি হতো। ছোট্ট গুমটির সামনেই পেট্রলভর্তি বোতল সাজিয়ে রাখা হতো। এদিন ওই গুমটির পিছনে গ্রিল কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে। কাটোয়া থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গুমটির মালিক গুরুতর জখম হয়েছেন। তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুরনো কাটোয়া-কালনা রোডের ধারেই গুমটি করে সাইকেল সারানোর দোকান করেছিলেন প্রিয়লাল বৈরাগ্য। সেখানেই এদিন আগুন লাগে। তারপর সেই আগুন পিছনে মহম্মদ শের ইসলামের গ্রিল কারখানায় ছড়িয়ে পড়ে। ওই কারখানায় মালিক সহ চারজন তখন ঝালাইয়ের কাজ করছিলেন। আশপাশে বহু বাড়িঘর রয়েছে। তাই তাড়াতাড়ি স্থানীয়রা এসে আগুন নেভাতে হাত লাগান। খবর পেয়ে কাটোয়া থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনে। প্রিয়লালের শরীরের নানা অংশ আগুনে পুড়ে যায়। শের ইসলামের হাতেও আগুন ধরেছিল। কীভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখছে পুলিস। এলাকার বাসিন্দাদের অভিযোগ, কাটা পেট্রলে ওই গুমটি ভর্তি থাকত। সেকারণেই আগুন বেশি ছড়িয়ে যায়। মহম্মদ শের ইসলাম বলেন, আমরা ভিতরে কাজ করছিলাম। আচমকা দেখি, কারখানায় আগুন লেগে গিয়েছে। তড়িঘড়ি আগুন নেভানোর কাজে লেগে পড়ি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ