সংবাদদাতা, কাঁথি: দীর্ঘদিনের দাবি মেনে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে ডিজিটাল এক্সরে পরিষেবা চালু হল। সোমবার সন্ধ্যায় এই পরিষেবার উদ্বোধন করেন এলাকার বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল। উপস্থিত ছিলেন নন্দীগ্রাম স্বাস্থ্যজেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিত দেওয়ান, দীঘা-শংকরপুর উন্নয়ন সংস্থার সিইও প্রতীক অশোক ধুমল সহ হাসপাতালের চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীরা। উল্লেখ্য, এতদিন হাসপাতালে ম্যানুয়াল এক্সরে পরিষেবা ছিল। তবে তাতে সব পরিকাঠামো না থাকায় নানা সমস্যা হত। রিপোর্ট পেতে দেরি হত। ফলে হাসপাতালে চিকিৎসা করাতে আসা স্থানীয় কিংবা পর্যটক-রোগীদের বাইরে ক্লিনিকগুলিতে ডিজিটাল এক্সরে করতেন। এতে তাঁদের অনেক অর্থ খরচ হত। বিভিন্ন সময়ে হয়রানিরও শিকার হতে হত। এবার থেকে তাঁরা হাসপাতালেই বিনামূল্যে উন্নতমানের এক্সরে পরিষেবা পাবেন। তাঁদের বাইরে ছুটতে হবে না। এক্সরে পরিষেবা চালু হওয়ায় খুশি রোগী ও রোগীর বাড়ির লোকজন। রোগীকল্যাণ সমিতির সভাপতি তথা বিধায়ক বলেন, হাসপাতালে আর যে সমস্ত পরিকাঠামো বাকি রয়েছে সেগুলি ধীরে ধীরে চালু হবে।



