Bartaman Logo
৯ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

গোবরডাঙার স্কুলে চালু ডিজিটাল হাজিরা, উৎসাহী পড়ুয়ারা, বাড়ল উপস্থিতির হার

গোবরডাঙার স্কুলে চালু ডিজিটাল হাজিরা, উৎসাহী পড়ুয়ারা, বাড়ল উপস্থিতির হার
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরলেও পড়ুয়ারা স্কুলে আসে না– এই অভিযোগ প্রায়ই ওঠে। ফলে ছাত্র-ছাত্রীরা স্কুলে যাওয়ার পর বাড়ি না ফেরা পর্যন্ত দুশ্চিন্তায় থাকেন অভিভাবকরা। এবার সেই দুশ্চিন্তা দূর করতে প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল হাজিরা চালু করল গোবরডাঙার জানাফুল হাইস্কুল। ফলে, কোনও পড়ুয়া স্কুলে উপস্থিত না হলেই এবার থেকে সেই বার্তা চলে যাবে অভিভাবকদের মোবাইলে। পাশাপাশি এই আধুনিক ডিজিটাল হাজিরা চালু হওয়ায় আগের তুলনায় পড়ুয়াদের স্কুলে আসার ‘উৎসাহ’ বাড়ছে বলেই মনে করছেন শিক্ষক-শিক্ষিকারা। 

Advertisement

বর্তমানে গোবরডাঙার জানাফুল হাইস্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ূয়ার সংখ্যা প্রায় ৮০০ জন। এর মধ্যে বেশিরভাগই ছাত্রী। অভিভাবকদের থেকে বেশ কিছুদিন ধরেই শিক্ষক শিক্ষিকারা জানতে পারছিলেন যে, কয়েকজন পড়ুয়া স্কুলের নাম করে বাড়ি থেকে বেরিয়ে অন্যত্র চলে যাচ্ছে। আবার স্কুল শেষে সময় মতো বাড়ি ফিরছে। ফলে, ছেলে-মেয়েরা যে স্কুলে যাচ্ছে না, তা জানতেই পারছেন না অভিভাবকরা। সমস্যা মেটাতে পরিকল্পনা করা শুরু করে স্কুল কর্তৃপক্ষ। এরপরই চালু করা হয়েছে ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম।
বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, পড়ুয়াদের আইকার্ডের পিছনে দেওয়া আছে বারকোড। স্কুলে প্রবেশের সময় সেটি মেশিনে স্ক্যান করলেই বার্তা চলে যাবে অভিভাবকদের মোবাইলে। পড়ুয়া স্কুল থেকে বেরনোর সময়ও একই পদ্ধতিতে অভিভাবকরা পেয়ে যাবেন খবর। সদ্য এই পদ্ধতিতে গ্রামের স্কুলে হাজিরা নেওয়া শুরু হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সজল কয়াল বলেন, প্রথমে দশম শ্রেণি পর্যন্ত কমবেশি ৫০০ ছাত্রছাত্রীর এই ডিজিটাল অ্যাটেনডেন্স শুরু হয়েছে। স্কুলে প্রবেশের সময় নিরাপত্তারক্ষীর সামনে পড়ুয়ারা আইকার্ডে থাকা কিউআর কোড স্ক্যান করাচ্ছে। এতে আগের থেকে উপস্থিতি প্রায় ১০ শতাংশ বেড়েছে। এমন অনেক পড়ুয়া আছে, যারা দীর্ঘদিন স্কুলে আসে না। যোগাযোগ করেও তাদের স্কুলে উপস্থিত করা যায়নি। তারাও আসতে শুরু করেছে। বিদ্যালয়ের এই উদ্যোগের প্রশংসা করেছেন অভিভাবকরাও।

Advertisement
সম্পর্কিত সংবাদ