ডিজিটাল অ্যারেস্ট, ৩৫ লক্ষ প্রতারণার অভিযোগে ধৃত ১
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়ে ৩৫ লক্ষ টাকা খুইয়েছিলেন সল্টলেকের এক প্রৌঢ়া। ওই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। বুধবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রাহুল দাস। বাড়ি বাঁকুড়ার সোনামুখীতে। প্রতারণার ঘটনাটি ঘটে ২০২৪ সালের সেপ্টেম্বরে। সল্টলেকের সি ডি ব্লকের প্রতারিত প্রৌঢ়া ওই বছর ১২ সেপ্টেম্বর বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছিলেন।তদন্তে জানা যায়, প্রতারকরা প্রথমে তাঁকে ফোন করে বলে, তাঁর নাম ও মোবাইল ব্যবহার করে দিল্লি এয়ারপোর্টে একটি অবৈধ পার্সেল এসেছে। তাতে নাকি প্রচুর পাসপোর্ট, এটিএম কার্ড রয়েছে। পরে প্রতারকরা দিল্লি পুলিশের নামে ফোন করে জানায়, তাঁর আধারকার্ড ব্যবহার করে ৩৫টি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে মানি লন্ডারিংয়ের কারবারের জন্য। এরপর সিবিআইয়ের নামেও ফোন আসে। শেষে সাইবার ক্রাইমের অফিসার পরিচয় দিয়ে ফোন করে। ব্যাংকে গচ্ছিত টাকা বৈধ কি না, তা ভেরিফাই করতে চায় প্রতারকরা। প্রৌঢ়া টাকা পাঠিয়ে দিয়ে জানতে পারেন তিনি ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়েছেন।

Advertisement