সুজয় সরকার, হিলি: দীঘার জগন্নাথ মন্দির এবার হিলির ত্রিমোহিনী অমর ফ্রেন্ডস স্টাফ ক্লাবের পুজোয়। হিলির আকর্ষণীয় পুজোগুলির মধ্যে এই ক্লাবের পুজোতে বরাবরই চমক থাকে। ৫৩ তম বর্ষে এবারও তার ব্যতিক্রম নয়। পুজোকে ঘিরে ইতিমধ্যেই দর্শনার্থীদের মধ্যে বিশেষ উৎসাহ দেখা গিয়েছে। তৃতীয়ার সন্ধ্যায় পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি ৮০ ফুট উচ্চতা ও ৫৫ ফুট চওড়া বিশিষ্ট পুজো মণ্ডপটি হয়েছে কাপড় ও কাঠ দিয়ে। ফোমের কাজ দিয়ে মণ্ডপের ভিতরে বিশেষ শিল্প কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপসজ্জার কাজ করেছেন বালুরঘাটের শিল্পী সঞ্জয় দত্ত।
মণ্ডপসজ্জার পাশাপাশি এবারের প্রতিমা ভাবনাতেও রয়েছে অভিনবত্ব। প্রতিমা তৈরি করেছেন স্থানীয় মৃৎশিল্পী প্রফুল্ল বর্মন। দেবী দুর্গা এখানে রথে চড়ে তিনটি অসুরের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। ঘোড়ায় টানা দেবীর রথের সারথি হয়েছেন গণেশ। সঙ্গে রয়েছেন লক্ষ্মী, সরস্বতী ও কার্তিক। মণ্ডপ ও প্রতিমার পাশাপাশি চমক রয়েছে আলোকসজ্জাতেও। রাস্তার দু’পাশে মনোমুগ্ধকর আলোয় সেজেছে এলাকা। ক্লাব সভাপতি সুজন ঘোষ জানান, এবারও আমরা নতুন কিছু করার চেষ্টা করেছি। তবে পুজোর পাশাপাশি ক্লাব সারাবছর নানা ধরনের সামাজিক কাজ করে থাকে। পুজোকে সামনে রেখে বস্ত্রদান সহ একাধিক সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে। ক্লাব সম্পাদক কৌশিক মাহাত জানিয়েছেন, দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিয়েছি। তৃতীয়ার সন্ধ্যায় এই পুজো মণ্ডপের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুজো উদ্বোধন উপলক্ষ্যে একাধিক ঢাকের বাজনায় ক্লাব সদস্য ও স্থানীয়দের শোভাযাত্রা বিশেষ নজর কেড়েছে। নিজস্ব চিত্র