ভুবনেশ্বর: ২০১৫ সালে পুরীর নবকলেবরের উদ্বৃত্ত নিমকাঠ দিয়ে তৈরি হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরে বিগ্রহ? এহেন দাবি সামনে আসতেই তদন্তের সিদ্ধান্ত নিল ওড়িশা সরকার। শুক্রবার শ্রী জগন্নাথ মন্দিরের প্রধান প্রশাসক অরবিন্দ পাধীকে এবিষয়ে তদন্ত করে দেখতে বলেছেন ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন। তিনি জানান, দাবির সত্যতা যাচাই করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত। দাবি সত্যি হলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন।
সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট ঘিরে এই বিতর্কের সূত্রপাত। সেখানে দাবি করা হয়, পুরীর প্রবীণ দয়িতাপতি রামকৃষ্ণ দাশমহাপাত্র ২০১৫ সালে নবকলেবরে ব্যবহৃত কাঠ দিয়ে দীঘার বিগ্রহ নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন। যদিও এধরনের রিপোর্ট খারিজ করে দিয়েছেন স্বয়ং রামকৃষ্ণ। শুক্রবার পুরীতে সাংবাদিক সম্মেলনে তিনি সাফ জানিয়ে দেন, ভুয়ো ভিডিও বানিয়ে প্রচার চালানো হচ্ছে। সাধারণ নিমকাঠ দিয়েই দীঘার মন্দিরে বিগ্রহ নির্মাণ করা হয়েছে।