Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

নবগ্রামের শিবপুরে জাতীয় সড়কে ট্রাক থেকে ডিজেল চুরি, ধৃত চালক

শুক্রবার ভোররাতে নবগ্রাম থানার শিবপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে ডিজেল চুরির অভিযোগে পুলিস এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে

নবগ্রামের শিবপুরে জাতীয় সড়কে ট্রাক থেকে ডিজেল চুরি, ধৃত চালক
  • ৭ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: শুক্রবার ভোররাতে নবগ্রাম থানার শিবপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে ডিজেল চুরির অভিযোগে পুলিস এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আটক করা হয়েছে একটি পিকআপ ভ্যান। বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি ড্রামে মোট ৮১ লিটার ডিজেল, ৮টি খালি ড্রাম এবং তেল চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মিল্টন মণ্ডল। বাড়ি বীরভূম জেলার নলহাটি থানার কলেজ মোড়। ধৃতকে এদিন লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। 

Advertisement

নবগ্রাম থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, শিবপুর এলাকায় জাতীয় সড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে রেখে চালক ও তার সহযোগী ঘুমোচ্ছিল। সেই সুযোগে দুটি পিকআপ ভ্যান ট্রাকের তেল ট্যাঙ্কার থেকে ডিজেল চুরি করছিল।  বিষয়টি জাতীয় সড়কে কর্তব্যরত পুলিসের নজরে আসে। পুলিসের গাড়ি দেখেই দুষ্কৃতীরা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। পিছু ধাওয়া করে চালক সহ একটি গাড়ি পাকড়াও করা গেলেও অপরটি পালিয়ে যায়। নবগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলেন, ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, দুষ্কৃতীরা সকলেই বীরভূমের নলহাটির বাসিন্দা। একটা চক্রের মাধ্যমে রাতে জাতীয় সড়ক বা রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক, লরি থেকে জ্বালানি তেল চুরি করে। গাড়ি থেকে তেল চুরি সংক্রান্ত আরও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে হেফাজতে নেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ