নয়াদিল্লি: অপারেশন সিন্দুরের পর থেকেই একের পর এক ভুয়ো দাবি করে চলেছে পাকিস্তান। পড়শি দেশের তরফে রটিয়ে দেওয়া হয়, পাকসেনার হামলায় ভারতের অত্যাধুনিক রাফাল বিমান ধ্বংস করা হয়েছে। তারপরই শোরগোল পড়ে যায়। ভারতীয় বায়ুসেনা এই দাবি খারিজ করে দিলেও পাকিস্তানের তরফে ছড়ানো নানা ভিডিও, ছবি গোটা বিশ্বে একের পর এক প্রশ্ন তোলে। এবার সেই প্রশ্ন শোনা গেল রাফাল ফাইটার জেট প্রস্তুতকারী দেশ ফ্রান্সের মুখেও। গত মঙ্গলবার প্যারিসে এক সাংবাদিক বৈঠকে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানান, ভারত ও পাকিস্তানের সংঘাতের বিষয়টি নিয়ে আমরাও ধোঁয়াশার মধ্যে রয়েছি। এখানে মূলত তথ্যের যুদ্ধ চলছে। কোথায় কী ঘটছে, তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। অনেক অভিযোগ, অনেক দাবি রয়েছে। কিন্তু কোনও সঠিক তথ্য নেই। তাই ইতিমধ্যেই ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুরো বিষয়টি সঠিকভাবে বোঝার চেষ্টা করা হচ্ছে। এমনকী বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যগুলিও যাচাই করে দেখা হচ্ছে।



