Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিয়মের ফাঁসে আটকে ডায়ালিসিস ইউনিট, তালাবন্দি আধুনিক মেশিন, মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধনের পর ব্যবহারই হয়নি ডাক্তারি সরঞ্জাম

লক্ষ লক্ষ টাকা খরচ করে কেনা হয়েছিল ডায়ালিসিস করার আধুনিক মেশিন। এর জন্য আলাদা কক্ষও তৈরি করা হয়েছিল

নিয়মের ফাঁসে আটকে ডায়ালিসিস  ইউনিট, তালাবন্দি আধুনিক মেশিন, মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধনের পর ব্যবহারই হয়নি ডাক্তারি সরঞ্জাম
  • ২৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: লক্ষ লক্ষ টাকা খরচ করে কেনা হয়েছিল ডায়ালিসিস করার আধুনিক মেশিন। এর জন্য আলাদা কক্ষও তৈরি করা হয়েছিল। ভার্চুয়ালি সেই ইউনিটের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তারপর চার-চারটি বছর কেটে গিয়েছে। এখনও ঘরবন্দি সেই আধুনিক মেশিন। অনেকের বক্তব্য, সরকারি বিধিনিয়মের গেড়োয় চালুই করা সম্ভব হয়নি ডোমজুড় গ্রামীণ হাসপাতালের ডায়ালিসিস ইউনিট। ফলে কিডনির চিকিৎসায় হাওড়া শহরে ছুটতে হয় গ্রামের রোগীদের। মুখ্যমন্ত্রীর এই প্রকল্প দ্রুত চালু করুক কর্তৃপক্ষ চাইছেন এই এলাকার বাসিন্দারা।

Advertisement

ডোমজুড়, জগৎবল্লভপুর সহ ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষের সুবিধার্থে ডোমজুর গ্রামীণ হাসপাতালে ডায়ালিসিসি ইউনিট তৈরির পরিকল্পনা করেছিল পঞ্চায়েত সমিতি। জগৎবল্লভপুরের প্রাক্তন বিধায়ক মহম্মদ আব্দুল গনির তহবিলের টাকায় কেনা হয় আধুনিক ডায়ালিসিস মেশিন। ২০২১-’২২ অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় আধুনিক সুবিধাযুক্ত ঘর তৈরি হয়। তারপর একুশের বিধানসভা নির্বাচনের আগে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই ইউনিট একদিনের জন্যও চালু করা হয়নি। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, দপ্তরকে সম্পূর্ণ অন্ধকারে রেখে পঞ্চায়েত সমিতি ডায়ালিসিস ইউনিটটি তৈরি করেছিল। সরকারি নিয়ম অনুযায়ী, ব্লকস্তরের কোনও হাসপাতাল, এমনকী গ্রামীণ হাসপাতালেও ডায়ালিসিস ইউনিট বসানোর অনুমতি নেই। পাশাপাশি নেফ্রলজিস্ট সহ অন্যান্য বিশেষজ্ঞদের আনার কোনও নির্দেশিকাও আসেনি। ফলে তখন থেকে তালাবন্ধ ঘরে বাক্সবন্দি হয়ে পড়ে মেশিনটি।
পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, পিপিপি মডেলে ডায়ালিসিস ইউনিটটি চালানোর বিষয়ে কয়েকবার জেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা হয়েছিল। কিন্তু সমাধান সূত্র বের হয়নি। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কিশলয় দত্ত বলেন, ‘বিষয়টি আমাদের হাতে নেই। স্বাস্থ্যদপ্তরের নিয়ম অনুযায়ী ব্লকস্তরের হাসপাতালে ডায়ালিসিস ইউনিট চালু করা যায় না। তবে অনুমতি পেলে মেশিনটি আমতায় স্বাস্থ্য পরিষেবার কাজে ব্যবহার করা যাবে। হাওড়া হাসপাতাল এবং টি এল জয়সওয়াল হাসপাতালে ডায়ালিসিস ইউনিট রয়েছে।’ 
হাওড়া শহর ঘেঁষা ডোমজুড় ব্লকে জনসংখ্যা ক্রমশ বাড়ছে। পাশের জগৎবল্লভপুর থেকেও প্রচুর মানুষ কিডনির সমস্যা নিয়ে শহরের হাসপাতালগুলিতে ভিড় করেন। রোগীদের বক্তব্য, ‘ডোমজুড় হাসপাতালে ডায়ালিসিস ইউনিট চালু হলে হাজার হাজার মানুষ উপকৃত হবে। সরকার বিষয়টি মানবিকতার দৃষ্টিভঙ্গিতে বিচার করুক।’ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ডোমজুড় হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং বিধায়ক সীতানাথ ঘোষ। তিনি বলেন, ‘সরকারি নিয়ম না জেনে পঞ্চায়েত সমিতির ভুলে ইউনিট চালু হয়নি। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি। স্বাস্থ্যসচিবের সঙ্গে কিছুদিন আগেও এ নিয়ে কথা হয়েছে। আশা করছি সরকারি জটিলতা মিটিয়ে ডোমজুড়েই ডায়ালিসিস ইউনিট চালু হবে।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ