পাটনা: এ যেন অনিল কাপুর অভিনীত ‘ঘরওয়ালি বাহারওয়ালি’ সিনেমার বাস্তব চিত্র। এক ব্যক্তির দুই স্ত্রী। স্বামী কার সঙ্গে থাকবেন এনিয়ে দুই স্ত্রীর মধ্যে চলছিল নিত্য অশান্তি। বিহারের পূর্ণিয়া জেলার রূপৌলি থানা এলাকার ঘটনা। বিষয়টি নিয়ে পুলিসের কাছে অভিযোগ দায়ের হয়। পুলিস সূত্রে খবর, প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয়বার বিয়ে করেন ওই ব্যক্তি। প্রথম স্ত্রীর দু’টি সন্তানও রয়েছে। পরে স্বামীর দ্বিতীয় বিয়ের কথা জানতে পেরে পুলিস সুপার কার্তিকেয় শর্মার দ্বারস্থ হন প্রথম স্ত্রী। বিষয়টি বিবেচনার জন্য কাউন্সেলিং সেন্টারে খবর দেন তিনি। সেখানে ডেকে পাঠানো হয় ওই ব্যক্তি ও তাঁর দুই স্ত্রীকে। সেখানে দ্বিতীয় বিয়ে করাটা যে ঠিক হয়নি, তা স্বীকার করে নেন ওই ব্যক্তি। পাশাপাশি প্রথম স্ত্রী ও সন্তানদের কাছে ফিরে যেতে চান বলে ইচ্ছা প্রকাশ করেন। একথা শুনেই ক্ষেপে যান দ্বিতীয় স্ত্রী। কেননা তাঁরও সন্তান রয়েছে। অবশেষে সিদ্ধান্ত হয়, দুই স্ত্রীর কাছেই থাকবেন স্বামী। প্রথমজনের কাছে তিনদিন এবং দ্বিতীয়জনের কাছে তিনদিন। বাকি একদিন নিজের জন্য সময় কাটাতে পারবেন ওই ব্যক্তি। সেইসঙ্গে প্রথম স্ত্রীর সন্তানদের পড়াশোনা ও ভরণপোষণের খরচ বাবদ প্রতি মাসে চার হাজার টাকা দেওয়ার পরামর্শ দেয় কাউন্সেলিং সেন্টার। এই নির্দেশে রাজি হয়ে যান দুই স্ত্রী।



