Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুই শতাধিক আন্দোলনকারীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা

দুই শতাধিক আন্দোলনকারীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চাঁচল: কোনও পথ দুর্ঘটনা বা স্থানীয় ইস্যু নিয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। যার জেরে ভোগান্তিতে পড়েন পথচলতি মানুষ ও বিভিন্ন যানবাহনের চালকরা। কেউ ট্রেন ধরতে পারেন না, আবার কেউ সময়ে অফিস ও স্কুলে পৌঁছতে পারেন না। এমনকী অবরোধের জেরে রোগী নিয়ে যেতে অ্যাম্বুলেন্স চালকরাও হিমশিম খান। এমন পরিস্থিতিতে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রী সহ অনেকেই। এবার তাই অবরোধ আটকাতে সক্রিয় হয়েছে মালদহের চাঁচল থানার পুলিস। গায়ের জোরে বেআইনিভাবে পথ অবরোধ করলে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিস। 
Advertisement
চাঁচল থানার পুলিস জানিয়েছে, চলতি বছরে ১০টি পথ অবরোধের ঘটনায় ২০০ জনের বেশি মানুষের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। কৃষ্ণগঞ্জ বাইপাস সড়কে দুর্ঘটনায় এক প্রৌঢ়ের মৃত্যু হয়। সেখানে পথ অবরোধের পাশাপাশি পুলিসকেও হেনস্তা করা হয় বলে অভিযোগ। এক মৃত ব্যক্তির দেহ রেখে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় সামসিতে। পুলিসের দাবি, এমন দশটি অবরোধের ঘটনায় মানুষ সমস্যায় জেরবার হন। এসব ক্ষেত্রে অবরোধকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। এক অ্যাম্বুলেন্স চালক সামসুদ্দোহা বলেন, রোগী নিয়ে যাওয়ার সময় বিভিন্ন এলাকায় পথ অবরোধের ফলে সমস্যায় পড়ি।
সাইরেন বাজিয়েও রাস্তা ক্লিয়ার না পেলে ঘুরপথ দিয়ে হাসপাতালে যেতে হয়। এতে সময় অপচয় হয়।
পুলিসের দাবি, রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করেন। অবরোধে আটকে কেউ অসময়ে স্কুল ও অফিস পৌঁছন। আবার কেউ ট্রেন ধরতে পারেন না। ব্যবসায়ীদেরও পণ্য নষ্টের আশঙ্কা থাকে। চাঁচল থানার এক আধিকারিক বলেন, আন্দোলন হোক সুষ্ঠুভাবে। কিন্তু মানুষকে দুর্ভোগের মুখে ঠেলে দেওয়া নয়। অবরোধ সবকিছুর সমাধান নয়। রাস্তা অবরোধ হলেই পুলিসের তরফে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ