Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুই শিক্ষিকার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে কংগ্রেসের মিছিল

দুই শিক্ষিকার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে কংগ্রেসের মিছিল
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুর পুরসভা পরিচালিত দু’টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার বিরুদ্ধে পকসো মামলা রুজু করার প্রতিবাদে পথে নামল কংগ্রেস। আগেই ওই দুই কর্মীর পাশে দাঁড়িয়েছিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যে মামলা করা হয়েছে ওই দুই শিক্ষিকার বিরুদ্ধে। উল্লেখ্য, ওই দুই শিক্ষিকা পুরসভার কর্মী, তাঁরা গত নির্বাচনে কংগ্রেসের হয়ে কাজ করেছিলেন। অধীরের দাবি, সেই রাগেই এই পদক্ষেপ পুর কর্তৃপক্ষের। মঙ্গলবার বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয় থেকে একটি ধিক্কার মিছিল বের করে কংগ্রেস। সেই মিছিল থেকে এই মামলা প্রত্যাহার করার দাবি তোলা হয়। মামলা প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে কংগ্রেস। 
Advertisement
কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা বর্ষীয়ান রাজনীতিক মনোজ চক্রবর্তী বলেন, আমাদের দুই কর্মী গীতা চৌধুরী ও শিবানী সাহা গত লোকসভা নির্বাচনে আমাদের বুথের এজেন্ট হয়েছিল। সেই রাগে অনৈতিকভাবে তাদের মাইনে বন্ধ করে দিয়েছিল পুর কর্তৃপক্ষ। পরে হাইকোর্টের নির্দেশে তাঁদের বেতন দিতে বাধ্য হয়। পরাজয় মানতে না পেরে পুরপিতা পরিকল্পনা করে পকসো আইনে তাদের নামে মিথ্যে মামলা রুজু করেছে। এই ঘটনা যদি আগে ঘটে থাকে, তাহলে সেই সময় অভিযোগ দায়ের হল না কেন। যেহেতু এখন মাইনে দিতে হচ্ছে, তাই নতুন করে চক্রান্ত করে ওঁদের জব্দ করার পরিকল্পনা করছে। আমরা তারই প্রতিবাদে সকলে মিলে আজ রাস্তায় নেমেছি। শহর কংগ্রেস, ব্লক কংগ্রেস, মহিলা কংগ্রেস সকলে মিলে এই ধরনের নিম্ন রুচির কুৎসিত চিন্তাভাবনার বিকৃত মস্তিষ্কের পুর প্রশাসনের বিরুদ্ধে পথে নেমেছি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ