সংবাদদাতা, ময়নাগুড়ি: ধান ঝাড়াইকে কেন্দ্র করে দুই পরিবারের হাতাহাতি। জখম হলেন দু’জন। ঘটনায় একজনকে আটক করেছে ময়নাগুড়ি থানার পুলিস। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির হাসপাতাল পাড়ার সাত নম্বর ওয়ার্ডে। অভিযোগ, রহিদা বেগমের বাড়ির সামনেই তাঁর কাকা ও দেওর ধান ঝাড়ছিলেন। যে কারণে ধুলো উড়ছিল। প্রতিবাদ করাতেই ওই দু’জন চড়াও হয়। রহিদা বেগম বলেন, বাঁশ দিয়ে আঘাত করে আমাকে ও আমার স্বামী অহিদুল ইসলামকে। এদিকে জখম দু’জনের চিকিৎসা হয় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে।



