Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

দুই  পদে সামুদ্রিক ভোজ

দুই  পদে সামুদ্রিক ভোজ
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
কাঁকড়া আর চিংড়ি দিয়ে পাত সাজান। সহজ ও সুস্বাদু দু’টি রেসিপি জানালেন সান্টা’জ ফ্যান্টাসিয়ার কর্ণধার 
Advertisement
অভিজিৎ সাহা ও পার্থ ঘোষ। 

কলকাতায় সামুদ্রিক পদের চাহিদা প্রচণ্ড, জানালেন স্যান্টা’স ফ্যান্টাসিয়া রেস্তরাঁর দুই কর্ণধার। এই চাহিদার মূল কারণ, আমাদের শহরের অবস্থান। আর রয়েছে বাঙালির সংস্কৃতি। বাঙালির জমকালো ভোজের আয়োজনে কাঁকড়া, চিংড়ি ইত্যাদির কদর চিরকালের।  সেই সামুদ্রিক পদই একটু ভিন্ন পদ্ধতিতে রান্না করে অতিথিদের পাত সাজিয়ে দেওয়া। দুই কর্ণধার বলেন, ‘আমাদের অতিপ্রিয় কাঁকড়া, চিংড়িতে বিদেশি ও ভারতীয় মিলিয়ে মিশ্র (ফিউশন) স্বাদ তৈরি করা হয়েছে। তাঁদের মতে এটা এই প্রজন্মের চাহিদার কথা মাথায় রেখেই করা হয়েছে। দেশি উপকরণ ব্যবহার করেও স্বাদটা ভিন্ন রেখেছেন। আজ সেই মেনু থেকেই বিশেষ দু’টি রেসিপি পাঠকদের জানালেন তাঁরা।

হট পেপার ক্র্যাব
উপকরণ: কাঁকড়া ৩০০ গ্রাম, ডুমো করে কাটা পেঁয়াজ ২৫ গ্রাম, ক্যাপসিকাম ডাইস করে কাটা ৩০ গ্রাম, রসুন কুচো ১০ গ্রাম, আদা স্লাইস করে কাটা ৫ গ্রাম, শুকনো লঙ্কা কুচি ২টো, গোলমরিচ গুঁড়ো ৫ গ্রাম, শুকনো লঙ্কা বাটা ২৫ গ্রাম, চিলি স্যস ১০ গ্রাম, ধনেপাতা কুচি ৫ গ্রাম, নুন স্বাদ মতো, ভাজার জন্য তেল, জল পরিমাণ অনুযায়ী।
পদ্ধতি: কাঁকড়া ধুয়ে পরিষ্কার করে নিন। এবার কড়াইতে তেল গরম করে কাঁকড়া সোনালি করে ভেজে তুলে রাখুন। ইতিমধ্যে স্যস বানানোর জন্য ওই একই কড়াইতে অল্প তেল নিন। তাতে রসুন ভাজুন। তারপর আদা ও শুকনো লঙ্কা কুচি দিয়ে ভাজুন। এবার ক্যাপসিকাম দিন। একটু ভেজে লঙ্কা বাটা, চিলি স্যস মিশিয়ে নাড়তে থাকুন। উপর থেকে নুন ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিন। সবটা একসঙ্গে মিশিয়ে নিন। এবার এর সঙ্গে ভেজে নেওয়া কাঁকড়া মেশান। সবটা একসঙ্গে ঢিমে আঁচে রান্না করুন। অল্প জল দিয়ে ফুটতে দিন। এরপর সাজানোর জন্য ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন। সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন এই পদটি।   

বাটার গার্লিক লবস্টার
উপকরণ: গলদা চিংড়ি ৭০০ গ্রাম, মাখন ২৫ গ্রাম, ডাইস করে কাটা ক্যাপসিকাম ৫০ গ্রাম, রসুন কুচি ১৫ গ্রাম, চিনি  চা চামচ, নুন স্বাদ মতো, জল প্রয়োজন অনুযায়ী, কর্নফ্লাওয়ার খুব সামান্য, পেঁয়াজ শাক সাজানোর জন্য।
পদ্ধতি: গলদা চিংড়ি মাথা ও খোলা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। খোলাটা গোটা রাখবেন এবং চিংড়িটা ছোট টুকরো করে কেটে নেবেন। এবার এই টুকরোগুলোয় নুন মখিয়ে তা অল্প কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিন। এরপর অল্প তেলে তা মুচমুচে করে ভেজে তুলে রাখুন। এরপর বাটার গার্লিক স্যস বানানোর জন্য একটা প্যানে মাখন গলিয়ে নিন। ততে রসুন কুচি দিয়ে ভাজুন। বেশ সোনালি করে ভাজবেন। রসুনের সুঘ্রাণ উঠলে তাতে ক্যাপসিকাম দিয়ে ভাজুন। এরপর নুন ও মিষ্টি যোগ করুন। এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি দিয়ে দিন। পুরো মিশ্রণ একে অপরের সঙ্গে মাখামাখি হলে ঢিমে আঁচে খানিকক্ষণ চিংড়িগুলো সেদ্ধ হতে দিন। উপর থেকে পেঁয়াজশাক ছড়িয়ে নামান। এবার চিংড়ির খোলা একটু ধুয়ে পরিষ্কার করে নিন। তাতে অল্প বাটার ব্রাশ করে ও কর্নফ্লাওয়ার কোট করে তা ভেজে নিন। এবার এই খোলায় রান্না করা চিংড়ি ভরে পরিবেশন করুন। প্রয়োজনে একটু পেঁয়াজশাক উপর থেকে ছড়িয়ে দিতে পারেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ