Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন

দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: বুধবার দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে নানা অনুষ্ঠানে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালিত হল। পূর্ব মেদিনীপুর জেলার ২৫টি ব্লক ও পাঁচটি পুরসভার সর্বত্র দলীয় পতাকা উত্তোলন করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব প্রতিষ্ঠা দিবস পালন করে। তমলুকে বিধায়ক কার্যালয়ে দলীয় পতাকা তোলেন বিধায়ক সৌমেন মহাপাত্র। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়, শহর সভাপতি চঞ্চল খাঁড়া প্রমুখ। কোলাঘাট ও তমলুকের বিভিন্ন জায়গায় দলীয় প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে যোগ দেন জেলা তৃণমূল সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়। মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী দলীয় কর্মসূচিতে অংশ নেন। সভাধিপতি উত্তম বারিক কাঁথি শহর, দেশপ্রাণ ব্লক সহ বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে যোগ দিয়ে দলীয় পতাকা উত্তোলন করেন। কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযূষ পণ্ডা পটাশপুর সহ ওই সাংগঠনিক জেলার বিভিন্ন জায়গায় দলের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে যোগ দেন। এদিন কাঁথি, রামনগর, খেজুরি, এগরা, পটাশপুর, ভগবানপুর সহ প্রতিটি এলাকাতেই ওই অনুষ্ঠান হয়।
Advertisement
পশ্চিম মেদিনীপুর জেলাজুড়েও দিনটি উপলক্ষ্যে নানা কর্মসূচি নেওয়া হয়। জেলা কার্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা সহ অন্যান্যরা। এছাড়া কেশপুর, শালবনী, গড়বেতা, গোয়ালতোড়,  ঘাটাল, খড়্গপুর সহ বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠা দিবসে দলীয় পতাকা উত্তোলন করা হয়। সবং এলাকায় প্রতিষ্ঠা দিবস কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভুঁইয়া সহ দলীয় নেতৃত্ব। এদিন খড়্গপুর পুরসভার চেয়ারম্যান কল্যাণী ঘোষ নিজের ওয়ার্ডে একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, মানুষের পাশে তৃণমূল সব সময় থাকবে। ঝাড়গ্রাম জেলাজুড়েও তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালিত হল। তৃণমূলের অফিসগুলিতে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও দলের প্রবীণ কর্মীদের সংবর্ধনা, স্থানীয় গুণীজন ও বিশিষ্টদের সম্মাননা জ্ঞাপন, দুঃস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান, পড়ুয়াদের শিক্ষণ সামগ্রী বিলির মতো কর্মসূচি নেওয়া হয়। জেলা তৃণমূলের সহ সভাপতি প্রসূন ষড়ঙ্গি বলেন, জেলাজুড়ে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। দলের সকলস্তরের নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
সম্পর্কিত সংবাদ