Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুই জায়গা থেকে উদ্ধার এক কেজি ৪০০ গ্রাম ব্রাউন সুগার

দুই জায়গা থেকে উদ্ধার এক কেজি ৪০০ গ্রাম ব্রাউন সুগার
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পিঠে ল্যাপটপের ব্যাগ। সঙ্গে বাইক। অবিকল ‘হোম ডেলিভারি বয়ের’! বুধবার বিকেলে এমন অভিনব ‘বেশে’ ব্রাউন সুগারের কনসাইনমেন্ট নিয়ে হাজির এক যুবক। পুলিসের ভ্যান দেখে পালানোর চেষ্টা করেও সফল হয়নি। অভিযুক্তকে পাকাড়াও করে মাদক পাচারের ছক ভেস্তে দিয়েছে পুলিস। বুধবার বিকেলে শিলিগুড়ি শহরের ভানুনগরে ঘটনাটি ঘটে। ধৃত মাদক পাচারকারীর নাম হরিদাস বর্মন। নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে ধৃতের বাড়ি। ধৃতের কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। যার দাম কোটি টাকা। এদিনই নেপাল সীমান্ত থেকে ১০১ গ্রাম ব্রাউন সুগার সহ খগেন রায় নামে আরএক জনকে গ্রেপ্তার করেছে খড়িবাড়ি থানার পুলিস। ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচার সিন্ডিকেটের যোগাযোগ রয়েছে বলেই পুলিসের সন্দেহ। 
Advertisement
দীর্ঘক্ষণ ধরে সেভক রোডে হোম ডেলিভারি বয়ের বেশে হরিদাস ঘুরে বেড়াচ্ছে। দুপুরে সূত্রে কাছ থেকে খবর পেয়ে অভিযানে নামে ভক্তিনগর থানার পুলিস। তারা দীর্ঘক্ষণ ধরে চেষ্টা চালিয়ে হরিদাসকে পাকড়াও করে। পুলিস সূত্রে খবর, সূত্রের দেওয়া তথ্য অনুসারে দু’টি টিম তল্লাশি অভিযানে নামে। একটি টিম সেভক রোড, আরএকটি টিম ১০ নম্বর জাতীয় সড়কে ছিল। বিভিন্ন এলাকা ঘুরে শ্যাম মন্দিরের কাছে সন্দেহভাজন ওই যুবকের দেখা মেলে। যার চেহারার সঙ্গে সূত্রের দেওয়া বর্ণনা হুবহু মিলে যায়। তখন ভ্যান থেকে নেমে সাদা পোশাকের দু’জন পুলিস অফিসার ওই যুবকের কাছে গিয়ে পরিচয় জানতে চান। তাতে সাড়া না দিয়ে সে বাইক রেখে ভানুনগরের দিকে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে তাকে পাকড়াও করা হয়। তার ল্যাপটপের ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১ কেজি ৩০০ গ্রাম বাউন সুগার। যা প্লাস্টিকের প্যাকেটে রাখা ছিল। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতের মোবাইল ফোন ও বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। 
পুলিস জানিয়েছে, সম্ভবত পুলিস ও গোয়েন্দাদের চোখে ধুলো দিতেই ডেলিভারি বয়ের বেশে ল্যাপটপের ব্যাগে মাদক পাচারের ছক কষেছিল ধৃত। শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (ইস্ট) রাকেশ সিং বলেন, সূত্র মারফত খবর পেয়েই ওই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 
এদিনই খড়িবাড়ি থানার পুলিস নেপাল সীমান্তের গৌড়সিংজোতে অভিযান চালিয়ে ব্রাউন সুগার ও ১২ বোতল কাফ সিরাপ সহ খগেনকে গ্রেপ্তার করা হয়। নেপাল সীমান্তে খগেনের বাড়ি। ঘটনাগুলি পর্যালোচনার পর পুলিসের সন্দেহ, মালদহ থেকে মাদক আসছে খড়িবাড়ির নেপাল সীমান্তে। তা শিলিগুড়ি শহর সহ আশপাশ এলাকার ছড়ানোর পরিকল্পনা ছিল। কাজেই ধৃতদের সঙ্গে মালদহ, নেপাল ও খড়িবাড়িতে ঘাঁটি গেড়ে থাকা মাদক কারবারিদের যোগাযোগ রয়েছে বলেই মনে হচ্ছে।  এদিকে, মঙ্গলবার রাতে ৬০ বোতল কাফ সিরাপ সহ দু’জনকে গ্রেপ্তার করে ভক্তিনগর থানার পুলিস। ধৃতদের নাম রাহুল সিনহা ও রোশন শঙ্কর। প্রথমজন শালুগাড়া ও দ্বিতীয়জন কালিম্পংয়ের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।  
সম্পর্কিত সংবাদ