সংবাদদাতা, ইটাহার: উত্তর ও দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী মুখোশ সংস্কৃতিকে দেশের অন্য সীমান্তের মানুষের সামনে তুলে ধরলেন ‘মাঙ্গলিকা’ দলের মুখোশ শিল্পীরা। ২৭ থেকে ৩১ জানুয়ারি লখনউতে বর্ডার এক্সচেঞ্জ প্রোগ্রামের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রকের নেহেরু যুব কেন্দ্র। সেখানেই দুই দিনাজপুরের লোকসংস্কৃতি তুলে ধরেন শিল্পীরা। পশ্চিমবঙ্গ থেকে শুধুমাত্র দিনাজপুরের মুখোশ শিল্পীর দল অংশ নেয়। এই দলে ছিলেন দক্ষিণ দিনাজপুরের ক্ষিতীশ সরকার, সুদীপ্ত সরকার ও রবি সরকার এবং উত্তর দিনাজপুরের মনোজ সরকার। মাঙ্গলিকা মুখোশ দলের শিল্পী মনোজ জানান, ভিনরাজ্যে এসে নিজের জেলার সংস্কৃতিকে তুলে ধরতে পেরে খুব ভালো লাগছে।
Advertisement
জানা যায়, অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, সিকিম, রাজস্থান, বিহার, উত্তরাখণ্ডের লোকশিল্পীরা অংশ নেয়। সেখানে দিনাজপুরের শিল্পীরা নৃত্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী মুখোশ শিল্পকে তুলে ধরেন। প্রশংসিতও হয়েছেন। শুক্রবার রাতেই লখনউ থেকে দিনাজপুরের শিল্পীরা বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। দলটির সম্পাদক অভিজিৎ চৌধুরী জানান, দিনাজপুরের লোকসংস্কৃতি গমীরা, মুখোশ নৃত্যকে জাতীয় স্তরে তুলে ধরতে পারাটাই আমাদের কাছে অত্যন্ত গর্বের।



