নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: শীতকালীন জলজ পক্ষী গণনায় সংখ্যার নিরিখে দক্ষিণ ও উত্তর দিনাজপুর জেলায় নজর কাড়ল পাতি সরালি। সপ্তাহখানেক আগে আট দিন ব্যাপী একটি সমীক্ষার পর বৃহস্পতিবার এমনই তথ্য সামনে আনল বনদপ্তরের রায়গঞ্জ ডিভিশন। দুই জেলার ২৪টি জলাশয়ে ৫০ প্রজাতির পাখির মধ্যে পাতি সরালির সংখ্যা সবচেয়ে বেশি। পরিসংখ্যান অনুযায়ী, দুই জেলায় ৩৪ হাজার ২৭৬টি জলজ পাখির হদিশ মিলেছে। তার মধ্যে ২৮ হাজারেরও বেশি সংখ্যায় পাতি সরালির দেখা মিলছে দুই জেলার বড় জলাশয়গুলিতে। সবচেয়ে বেশি পাতি সরালির দেখা মিলেছে দক্ষিণ দিনাজপুরের তপন দিঘিতে। উত্তর দিনাজপুরে দেখা পাওয়া গিয়েছে ৮ হাজার ২৭৯টি পাতি সরালির। যা নিয়ে উচ্ছ্বসিত বনদপ্তর। বছরের শুরুতেই দুই দিনাজপুরে শীতকালীন জলজ পাখির হদিশ করতে ১২ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত আট দিন ব্যাপী বিশেষ সমীক্ষা চালায় বনদপ্তর। ২৪টি জলাশয় ও তার পার্শ্ববর্তী এলাকায় সমীক্ষা চলে। বনদপ্তরের সঙ্গে ছিল বেশ কয়েকটি পরিবেশপ্রেমী সংগঠনের প্রতিনিধিরা। সমীক্ষায় উঠে আসা তথ্য এদিন সামনে আনল বনদপ্তরের রায়গঞ্জ ডিভিশন। রায়গঞ্জের ডিএফও ভূপেন বিশ্বকর্মা বলেন, দুই জেলায় সর্বমোট ৩৪ হাজার ২৭৬টি জলজ পাখি সমীক্ষকদের নজরে এসেছে। যার মধ্যে রয়েছে লিটল ইগ্রেটস, লিটল কর্মরেন্ট, ডুবডুবি, ডার্টার, বড় পানকৌড়ি, নর্দার্ন পিন্টেল, নর্দার্ন শোভলার, বামুনিয়া হাঁস, মদনটাক, তিলি হাঁস সহ ৫০ প্রজাতির পাখি।



