Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুই বর্ধমান ছাড়াও রাজ্যের একাধিক জেলায় জাল ছড়ানো রাজস্থানের নারী পাচারকারীদের

দুই বর্ধমান ছাড়াও রাজ্যের একাধিক জেলায় জাল ছড়ানো রাজস্থানের নারী পাচারকারীদের
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: দুই বর্ধমান ছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি সহ রাজ্যের বিভিন্ন জেলায় জাল ছড়িয়ে রেখেছে রাজস্থানের নারী পাচারকারীরা। চক্রের মাস্টারমাইন্ড রমেশকে জেরা করে তা জানতে পেরেছে পুলিস। ‘বর্তমান’এ নারী পাচারের খবর লাগাতার প্রকাশ হওয়ার পরই পুলিস তদন্তে নামে। তারা আন্তঃরাজ্য নারীপাচার চক্রের হদিশ পায়। পুলিস এই ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করেছে। বুধবার মেমারি থেকে রহিম শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে রাজস্থানের বাসিন্দা নারী পচারকারী রমেশ মীনার এজেন্ট হয়ে কাজ করত। রমেশকে কয়েকদিন আগে গলসি থানার পুলিস রাজস্থানে গিয়ে গ্রেপ্তার করে। এদিন তাকে জেলায় আনা হয়।
Advertisement
রমেশ জেরায় পুলিসকে জানিয়েছে, মেমারির বাসিন্দা রহিম শেখ ওই নাবালিকার সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। পরে প্রায় দু’লক্ষ টাকা দিয়ে গলসির ওই নাবালিকাকে সে বিক্রি করেছিল। রমেশ কুমার নামে রাজস্থানের আর এক বাসিন্দা তাকে কেনে। অতিরিক্ত পুলিস সুপার অর্ক বন্দ্যোপধ্যায় বলেন, এই চক্রটি আর কোনও নাবালিকা বা যুবতীকে বিক্রি করেছে কিনা তা তাদের জেরা করে জানা হবে। জগদীশ কুমার নামে আর এক পাচারকারী ফেরার রয়েছে। তার খোঁজে তল্লাশি চলছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে অক্টোবর মাসে মেমারির বাসিন্দা রহিম শেখের সঙ্গে গলসির নাবালিকার পরিচয় হয়। সে তাকে ভালো কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রমেশ মীনার হাতে তুলে দেয়। বিভিন্ন জেলাতেই রমেশের মতো আরও অনেকে কাজ করে। তারা নাবালিকাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে ভিনরাজ্যে বিক্রি করছে। এক পুলিস আধিকারিক বলেন, কতজন নাবালিকা নিখোঁজ রয়েছে তার তালিকা তৈরি করা হচ্ছে। তাদের এই চক্রটি বিক্রি করেছে কিনা সেটা তদন্ত করে দেখা হবে। গলসির ওই নাবালিকা ২০২৩ সালে অক্টোবরে হঠাৎই বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছিল। সেইসময় পরিবারের লোকজন থানায় মিসিং ডায়েরি করেন। প্রায় এক বছর তার সন্ধান পাওয়া যায়নি। ২০২৪ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে সে বাড়িতে ফোন করে তাকে বিক্রির বিষয়টি জানায়। সেই খবর ‘বর্তমান’-এ প্রকাশ হওয়ার পর থেকে পুলিস তদন্তে নামে। ওই নাবালিকাকে দেড় মাস আগে পুলিস রাজস্থান থেকে উদ্ধার করে আনে। তাকে যে কিনেছিল সেও সেই সময় গ্রেপ্তার হয়। তাকে জেরা করেই পুলিস চক্রের হদিশ পায়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ